Views Bangladesh Logo

বাসের বক্সে দম বন্ধ হয়ে মারা গেল ৪৭ ছাগল

লালমনিরহাট থেকে লক্ষ্মীপুরে নেওয়ার পথে যাত্রীবাহী বাসের বক্সে দম বন্ধ হয়ে ৪৭টি ছাগল মারা গেছে। এ ঘটনায় পশুর প্রতি নিষ্ঠুর আচরণের দায়ে বাসের সুপারভাইজার ও ছাগল মালিককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (২৮ মার্চ) দুপুরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্যাথোয়াইপ্রু মারমা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উভয়কে ১০ হাজার টাকা জরিমানা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন—লালমনিরহাটের সাপটানা এলাকার মো. আবুল হাসেম (বাসের সুপারভাইজার) এবং লক্ষ্মীপুর সদর উপজেলার টুমচর গ্রামের ব্যবসায়ী মো. ফারুক।

জানা গেছে, শুক্রবার (২৭ মার্চ) লালমনিরহাট থেকে আনিন্দ্য পরিবহনের একটি যাত্রীবাহী বাসে করে ৪৭টি ছাগল লক্ষ্মীপুরে আনা হচ্ছিল। একই সঙ্গে নোয়াখালীর আরেক ব্যবসায়ীর ৮টি ছাগলও বাসের নিচের বক্সে তোলা হয়। ছাগলগুলোকে গাদাগাদি করে রাখার কারণে সেখানে পর্যাপ্ত বাতাস চলাচলের সুযোগ ছিল না।

দীর্ঘ পথযাত্রা, তীব্র গরম এবং বাতাসের অভাবে শুক্রবার রাতেই একপর্যায়ে সবগুলো ছাগল দমবন্ধ হয়ে মারা যায়।

ঘটনার পর ছাগল মালিকের সঙ্গে বাসচালক ও সুপারভাইজারের বাকবিতণ্ডা হয়। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে উভয় পক্ষকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে সোপর্দ করা হয়। সেখানেই ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়।

ছাগল মালিক মো. ফারুক দাবি করেন, অবহেলার কারণেই ছাগলগুলোর মৃত্যু হয়েছে এবং এতে তার প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। তিনি এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও জানান।

অন্যদিকে বাসের সুপারভাইজার আবুল হাসেম বলেন, পথে ছাগলগুলো স্বাভাবিকই ছিল। তবে নোয়াখালীর চৌরাস্তায় ৮টি ছাগল নামানোর সময় দেখা যায়, সবগুলো ছাগল মৃত।

সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের ভেটেরিনারি সার্জন সোহেল রানা জানান, পশুর প্রতি নিষ্ঠুর আচরণের কারণে উভয়কে জরিমানা করা হয়েছে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে সতর্ক করা হয়েছে। মৃত ছাগলগুলো মাটিতে পুঁতে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ