Views Bangladesh Logo

আইএলও’তে বাংলাদেশ সরকারকে পূর্ণ সমর্থন ৪৭ দেশের

আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলও'র ৩৫৬তম গভর্নিংবডির অধিবেশনে বাংলাদেশ-সংক্রান্ত আলোচনায় অংশ নেওয়া ৪৭টি দেশ বর্তমান সরকারের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে।

সোমবার (৩০ মার্চ) সুইজারল্যান্ডের জেনেভা শহরে অনুষ্ঠিত এ অধিবেশনে অংশগ্রহণকারী দেশগুলো অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে দায়িত্ব গ্রহণ করায় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারকে অভিনন্দন জানায় এবং পারস্পরিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার করে।

জেনেভায় বাংলাদেশ স্থায়ী মিশনের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০১৯ সালে আইএলও কনভেনশন বাস্তবায়নে ব্যর্থতার অভিযোগে দায়ের করা একটি মামলার প্রেক্ষিতে বাংলাদেশ সরকার শ্রমখাত সংস্কারে পাঁচ বছর মেয়াদি রোডম্যাপ গ্রহণ করে। সেই রোডম্যাপের অগ্রগতি নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা হয়ে আসছে এবং এবারের অধিবেশনে নবম অগ্রগতি প্রতিবেদন উপস্থাপন করা হয়েছে।

অধিবেশনে ৫৬ সদস্যবিশিষ্ট গভর্নিংবডির বিভিন্ন দেশ, আঞ্চলিক গ্রুপ এবং মালিকপক্ষ বাংলাদেশের শ্রমখাতে আইনগত ও প্রশাসনিক সংস্কার পরিকল্পনার প্রশংসা করে। তারা চলমান মামলাটি দ্রুত নিষ্পত্তির আহ্বানও জানায়।

বাংলাদেশের পক্ষে আলোচনায় অংশ নেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসীকল্যাণ বিষয়ক মন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন। এছাড়া জেনেভায় নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি নাহিদা সোবহান এবং শ্রমসচিব মো. আব্দুর রহমান তরফদার উপস্থিত ছিলেন।

আলোচনায় অংশ নেওয়া দেশগুলোর মধ্যে আরব গ্রুপ, উপসাগরীয় গ্রুপসহ চীন, রাশিয়া, জাপান, যুক্তরাষ্ট্র, কানাডা ও অন্যান্য দেশ বাংলাদেশের শ্রমখাত উন্নয়নে নেওয়া পদক্ষেপের প্রশংসা করে।

তবে ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র ও কানাডা শ্রম আইন সংশোধনসহ বিভিন্ন ক্ষেত্রে অগ্রগতির স্বীকৃতি দিলেও রোডম্যাপ পূর্ণ বাস্তবায়নে আরও পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে।

দীর্ঘ আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়, মামলাটির পরবর্তী পর্যালোচনা আগামী বছরের মার্চে অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, ৩৫৬তম গভর্নিংবডির সভায় অংশ নিতে একটি উচ্চপর্যায়ের বাংলাদেশি প্রতিনিধি দল জেনেভা সফর করছে এবং আগামী ২ এপ্রিল তাদের দেশে ফেরার কথা রয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ