ভারতে সাজাভোগ শেষে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশি
ভারতে অবৈধভাবে প্রবেশের অভিযোগে আটক ও সাজাভোগের পর বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন ৪৭ জন বাংলাদেশি নাগরিক। বৃহস্পতিবার সন্ধ্যায় ভারতের হরিদাসপুর-পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।
পেট্রাপোল-বেনাপোল শূন্যরেখায় অনুষ্ঠিত এই হস্তান্তর প্রক্রিয়ায় দুই দেশের ইমিগ্রেশন পুলিশ, সীমান্তরক্ষী বাহিনী, গোয়েন্দা সংস্থা ও এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
জানা গেছে, ফেরত আসা ব্যক্তিরা দীর্ঘদিন তামিলনাড়ুর বিভিন্ন বিশেষ ক্যাম্প ও হোমে অবস্থান করছিলেন। বাংলাদেশি নাগরিকত্ব যাচাই-বাছাই সম্পন্ন হওয়ার পর তাদের নামে ট্রাভেল পারমিট ইস্যু করা হয়। চেন্নাইয়ে বাংলাদেশ উপ-হাইকমিশনের মাধ্যমে গত মাসে এ সংক্রান্ত তথ্য ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানানো হয়, যার ভিত্তিতে প্রত্যাবাসন প্রক্রিয়া সম্পন্ন হয়।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের দায়িত্বশীল কর্মকর্তা জানিয়েছেন, প্রয়োজনীয় কাগজপত্র যাচাইয়ের পর ফেরত আসাদের সংশ্লিষ্ট থানায় পাঠানো হবে এবং আইনি আনুষ্ঠানিকতা শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এই প্রক্রিয়ায় সহায়তা করছে স্থানীয় কয়েকটি বেসরকারি সংস্থা, যারা পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ ও শেল্টার হোমে সাময়িক আশ্রয়ের ব্যবস্থা করছে।
সংশ্লিষ্টরা জানান, ভালো কাজ ও জীবিকার সন্ধানে দালালের মাধ্যমে অবৈধপথে ভারতে যাওয়ার পর অনেকে স্থানীয় পুলিশের হাতে আটক হন এবং আদালতের রায়ে সাজাভোগ করেন। সাজা শেষে তাদের বিশেষ ক্যাম্পে রাখা হয়, এরপর দুই দেশের পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সমন্বয়ে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে দেশে ফেরানো হয়।
মতামত দিন