Views Bangladesh Logo

৪৬তম বিসিএস পরীক্ষা স্থগিত, পিএসসি সংস্কারে কমিশন গঠন

 VB  Desk

ভিবি ডেস্ক

পিএসসি সংস্কারের ৮ দফা দাবিতে শাহবাগে অবস্থান নেয়া চাকরিপ্রত্যাশীদের আন্দোলনের মুখে আগামী ৮ মে অনুষ্ঠিতব্য ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছে। একই সঙ্গে পিএসসি সংস্কারের লক্ষ্যে কমিশন গঠনের সিদ্ধান্ত হয়েছে।

রোববার (২৭ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টায় শাহবাগ মোড়ে চাকরিপ্রত্যাশীরা অবস্থান নিয়ে ব্লকেড কর্মসূচি শুরু করেন। এতে ওই এলাকার যান চলাচল বন্ধ হয়ে যায়।

পরে রাত সাড়ে ৮টার দিকে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার মধ্যস্থতায় পিএসসির সদস্য জহিরুল হক ভূইয়াসহ আন্দোলনকারীরা ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিতে আলোচনায় বসেন। দীর্ঘ আলোচনার পর ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিত এবং বিদ্যুৎ উপদেষ্টা ফাওজুল কবির খানকে প্রধান করে সরকারের উচ্চ পর্যায়ে একটি কমিশন গঠনের সিদ্ধান্ত হয়।

এরপরে রাজু ভাস্কর্যের পাদদেশে অনশনরত শিক্ষার্থীদের অনশন ভাঙান উপদেষ্টা আসিফ মাহমুদ। এ সময় তিনি বলেন, ‘৮ মে অনুষ্ঠিত হতে যাওয়া ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছে। এছাড়া আন্দোলনরত শিক্ষার্থীদের ৮ দফা দাবির জন্য বিদ্যুৎ উপদেষ্টা ফাওজুল কবির খানকে প্রধান করে কমিটি করা হয়েছে। পিএসসির দীর্ঘমেয়াদি সংস্কারের জন্য আন্দোলনকারী শিক্ষার্থী ও গঠিত কমিটি আলোচনায় বসবে।’

এর আগে চাকরিপ্রত্যাশীরা স্লোগান দেন, "এই মুহূর্তে দরকার, পিএসসি সংস্কার", "জুলাইয়ে অঙ্গীকার" ইত্যাদি।

চাকরিপ্রত্যাশীদের আট দফা দাবি হলো– ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষার প্রশ্ন আবার করা; আগে ৪৪ এর ভাইভা শেষ করে তারপর ৪৬ এর লিখিত পরীক্ষা নেওয়া; কমিশনে বসিয়ে খাতা দেখানো; অতি দ্রুত কমিশনের বিজ্ঞ সদস্যদের সংখ্যা ২৫ থেকে ৩০-এ উন্নীত করা; ভাইবা শেষ হবার পর ও রেজাল্টের আগে ক্যাডার চয়েজ প্রত্যাহারের সুযোগ প্রদান; ৪৫-৪৭ বিসিএসের ক্ষেত্রে ভাইবার পূর্বে পুনরায় ক্যাডার চয়েজ পূরণের সুযোগ প্রদান; প্রিলির কাট অফ মার্ক এবং প্রিলি, লিখিত ও ভাইভার মার্ক প্রকাশ করা এবং লিখিত পরীক্ষার ন্যূনতম দুই মাস আগে রুটিন ঘোষণা করা; সুপারিশ প্রক্রিয়া নিরপেক্ষ ও যথাসম্ভব স্বচ্ছকরণ, ভেরিফিকেশনের হয়রানি লাঘবে ব্যবস্থা গ্রহণ এবং গেজেট প্রণয়ন স্বচ্ছ ও নিরপেক্ষকরণ এবং ৪৪ এর ক্যাডার পদবৃদ্ধি ও নন ক্যাডার বিধি’২৩ সংস্কার।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ