রাজধানীতে পুলিশের অভিযানে একদিনে গ্রেপ্তার ৪৬৪, মামলা ৫২
রাজধানীতে মাদক, অস্ত্র ও বিভিন্ন অপরাধের বিরুদ্ধে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৬৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময়ে বিভিন্ন অভিযোগে ৫২টি মামলা দায়ের করা হয়েছে।
সোমবার (১৭ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও অস্ত্র, মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়।
পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে সবচেয়ে বেশি ১২৩ জনকে গ্রেপ্তার করেছে মিরপুর বিভাগ। এ ছাড়া তেজগাঁও বিভাগে ৫৮ জন, উত্তরা বিভাগে ৫৪ জন, ওয়ারী বিভাগে ৫৩ জন, মতিঝিল বিভাগে ৪৮ জন, গুলশান বিভাগে ৪৪ জন, লালবাগ বিভাগে ৪১ জন এবং রমনা বিভাগে ৩৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গোয়েন্দা বিভাগ গ্রেপ্তার করেছে আটজনকে।
অভিযানে বিভিন্ন ধরনের অস্ত্রও উদ্ধার করা হয়েছে। এর মধ্যে রয়েছে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, তিন রাউন্ড গুলি ও একটি বিদেশি রিভলবার। এ ছাড়া দুটি সামুরাই, একটি ছুরি ও একটি আংশিক ব্লেড উদ্ধার করেছে পুলিশ। মাদকবিরোধী অভিযানে ৮৬ কেজি ৫৯০ গ্রাম গাঁজা, ৩ হাজার ৭৬৩টি ইয়াবা ও ৩ দশমিক ৩৫ গ্রাম হেরোইন জব্দ করা হয়েছে। একই অভিযানে এক বোতল বিদেশি মদ ও তিন বোতল দেশি মদও উদ্ধার করা হয়।
এ ছাড়া বিভিন্ন স্থান থেকে ১০টি মোবাইল ফোন, ট্রেনের টয়লেট থেকে খুলে নেওয়া চারটি স্টিলের ট্যাপ ও পাঁচটি প্লাস্টিকের ট্যাপ উদ্ধার করা হয়েছে। পাশাপাশি ২১ দশমিক ২ লিটার ওষুধ তৈরির রাসায়নিক পদার্থ জব্দ করা হয়।
ডিএমপি জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। রাজধানীতে অপরাধ নিয়ন্ত্রণে নিয়মিতভাবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে পুলিশ।
মতামত দিন