Views Bangladesh Logo

হজে গিয়ে ৪৬ বাংলাদেশির মৃত্যু, দেশে ফিরেছেন ২৯ হাজারেরও বেশি হাজি

চলতি বছরে পবিত্র হজ পালন করতে গিয়ে সৌদি আরবে এখন পর্যন্ত ৪৬ জন বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন। অন্যদিকে হজের আনুষ্ঠানিকতা শেষে এখন পর্যন্ত দেশে ফিরেছেন ২৯ হাজার ৬৯৪ জন হাজি।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সর্বশেষ হজ বুলেটিনে এই তথ্য জানানো হয়েছে।

বুলেটিনে বলা হয়, হাজিদের দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়াটি বর্তমানে চলমান রয়েছে এবং তা আগামী ৩০ জুন পর্যন্ত অব্যাহত থাকবে।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ৪৬ জন হজযাত্রীর মধ্যে ৩৫ জন মক্কায় এবং ১১ জন মদিনায় মারা গেছেন। তাদের মধ্যে ৩০ জন পুরুষ এবং ১৬ জন নারী রয়েছেন।

এখন পর্যন্ত দেশে ফিরে আসা হাজিদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় এসেছেন ৩ হাজার ৩২৮ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ২৬ হাজার ৩৬৬ জন।

বিভিন্ন এয়ারলাইনের মাধ্যমে হাজিরা দেশে ফিরেছেন। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ৯ হাজার ৯৮১ জন, সৌদি এয়ারলাইনস ১১ হাজার ৩৩১ জন, ফ্লাইনাস এয়ারলাইনস ৭ হাজার ৭০০ জন এবং অন্যান্য এয়ারলাইনস ৬৮২ জন।

ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, সৌদি আরবে বাংলাদেশ হজ মিশনের পক্ষ থেকে হাজিদের চিকিৎসা সেবা কার্যক্রম এখনো সক্রিয় রয়েছে। এখন পর্যন্ত হাজিদের মাঝে মোট ৫৬ হাজার ৩১২টি প্রেসক্রিপশন বা ব্যবস্থাপত্র দেওয়া হয়েছে। পাশাপাশি আইটি হেল্পলাইনের মাধ্যমে ২৫ হাজার৭১০টি সেবা প্রদান করা হয়েছে।

এছাড়া, বিভিন্ন হাসপাতালে মোট ২৬২ জন হাজি চিকিৎসা নিয়েছেন, যাদের মধ্যে বর্তমানে ২৪ জন হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছেন।

কর্তৃপক্ষ পুনর্ব্যক্ত করেছে যে, নির্ধারিত সূচি অনুযায়ী আগামী ৩০ জুন পর্যন্ত হাজিদের ফিরতি ফ্লাইট পরিচালনা করা হবে এবং এরপরই এ বছরের হজ প্রত্যাবাসন প্রক্রিয়া সম্পন্ন হবে। সকল হাজির নিরাপদ, সুশৃঙ্খল এবং নির্বিঘ্নে দেশে ফেরা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তারা নিরলস কাজ করে যাচ্ছেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ