Views Bangladesh Logo

রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৫২, মামলা ৩২

রাজধানী ঢাকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অপরাধবিরোধী অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৫২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিভিন্ন অপরাধে ৩২টি মামলা দায়ের করা হয়েছে।

রোববার (১১ অক্টোবর) ডিএমপির পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন জানান, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগে ২৫ জন, লালবাগে ৫৩ জন, ওয়ারীতে ৬৬ জন, মতিঝিলে ৫৫ জন, তেজগাঁওয়ে ৬০ জন, মিরপুরে ১১৪ জন, গুলশানে ৩৫ জন এবং উত্তরা বিভাগে ৩৩ জন রয়েছেন। এ ছাড়া গোয়েন্দা পুলিশের অভিযানে আরও ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

অভিযান চলাকালে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও বিভিন্ন আলামত উদ্ধার করা হয়। এর মধ্যে রয়েছে ৫ হাজার ৯৩১ পিস ইয়াবা, ১৪৪ বোতল দেশি মদ এবং ৯০ গ্রাম গাঁজা। পাশাপাশি একটি অবিস্ফোরিত ককটেল, ককটেলের একটি অবিস্ফোরিত অংশ, একটি চাপাতি, দুটি লাইটার ও দুটি কাঁচি উদ্ধার করা হয়েছে।

পুলিশের অভিযানে আরও জব্দ করা হয়েছে একটি কাভার্ড ভ্যান, একটি মোটরসাইকেল, একটি সিএনজিচালিত অটোরিকশা, ছয়টি মোবাইল ফোন এবং একটি ট্রাভেল ব্যাগ। এ সময় একজন ভুক্তভোগীকেও উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ডিএমপি।

ডিএমপি সূত্রে জানা যায়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এসব অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উদ্ধার করা মাদকদ্রব্য ও অন্যান্য আলামত সংশ্লিষ্ট মামলার তদন্তে কাজে লাগানো হবে।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। অপরাধ নিয়ন্ত্রণ এবং নগরীর নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ