Views Bangladesh Logo

নজিরবিহীন বিচারে হংকংয়ে গণতন্ত্রপন্থি ৪৫ কর্মীর কারাদণ্ড

 VB  Desk

ভিবি ডেস্ক

হংকংয়ের উচ্চ আদালত মঙ্গলবার ৪৫ জন গণতন্ত্রপন্থি কর্মীকে সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন। এই নজিরবিহীন বিচারে মনে করা হচ্ছে, গণতন্ত্রপন্থি আন্দোলনে বড় আঘাত হেনেছে এবং আন্তর্জাতিকভাবে নিন্দিত হচ্ছে দেশটি।

২০২১ সালে ৪৭ জন গণতন্ত্রপন্থি কর্মীকে রাষ্ট্রদ্রোহের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল। তাদের সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ডের মুখোমুখি হতে হয়েছিল।

সাজাপ্রাপ্তদের মধ্যে রয়েছেনে আইনজীবী এবং কর্মীদের সংগঠক হিসেবে পরিচিত বেনি তাই। তাকে ১০ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। এটি ২০২০ সালের জাতীয় নিরাপত্তা আইনের অধীনে সবচেয়ে দীর্ঘ সাজার রেকর্ড।

তবে পশ্চিমা সরকার এই বিচারকে সমালোচনার কাঠগড়ায় দাঁড় করিয়েছে। যুক্তরাষ্ট্র এটিকে ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলে বর্ণনা করে গণতন্ত্রপন্থিদের মুক্তির দাবি জানিয়েছে। যুক্তরাষ্ট্রের মতে, তারা কেবল ‘শান্তিপূর্ণভাবে বৈধ রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নিয়েছিল।’

চীন ও হংকং সরকার বলেছে, ২০১৯ সালের গণতন্ত্রপন্থি বিক্ষোভের পর শৃঙ্খলা ফিরিয়ে আনতে জাতীয় নিরাপত্তা আইন প্রয়োজন ছিল এবং স্থানীয় আইন অনুযায়ীই গণতন্ত্রপন্থিদের বিচার করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের নির্বাচিত নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মনোনীত পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এই বিচারের কড়া সমালোচক। তিনি এর আগে এক খোলা চিঠিতে ৪৭ জন গণতন্ত্রপন্থীর দণ্ডকে জাতীয় নিরাপত্তা আইনের মাধ্যমে ‘হংকংয়ের স্বায়ত্তশাসন, আইনের শাসন এবং মৌলিক স্বাধীনতার ওপর সামগ্রিক আক্রমণ’ হিসেবে বর্ণনা করেছিলেন।

১৯৯৭ সালে ব্রিটেন হংকংকে চীনের কাছে হস্তান্তর করে। ব্রিটিশ সরকার বলছে, ২০২০ সালের জাতীয় নিরাপত্তা আইন ভিন্নমত দমন এবং স্বাধীনতা খর্ব করার জন্য ব্যবহার করা হচ্ছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ