ফেব্রুয়ারিতে সড়ক দুর্ঘটনায় ঝরল ৪৪৭ প্রাণ
চলতি বছরের ফেব্রুয়ারি মাসে দেশের সড়কপথ যেন মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। মাসজুড়ে মোট ৪৪৮টি সড়ক দুর্ঘটনায় ৪৪৭ জন নিহত হয়েছেন এবং ১,১৮১ জন আহত হয়েছেন।
শুক্রবার (৬ মার্চ) বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। সংগঠনটির দুর্ঘটনা মনিটরিং সেল দেশের জাতীয়, আঞ্চলিক ও অনলাইন সংবাদপত্র মনিটর করে এই প্রতিবেদন তৈরি করেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কেবল সড়কপথ নয়, বরং রেল ও নৌপথও ছিল ঝুঁকিপূর্ণ। ফেব্রুয়ারিতে রেলপথে ৩৪টি দুর্ঘটনায় ২৬ জন নিহত ও ১১ জন আহত হয়েছেন। নৌপথে ৬টি দুর্ঘটনায় ৪ জন নিহত ও ৫ জন আহত হয়েছেন। সব মিলিয়ে সড়ক, রেল ও নৌপথে মোট ৪৮৮টি দুর্ঘটনায় ৪৭৭ জন প্রাণ হারিয়েছেন এবং ১,১৯৭ জন গুরুতর আহত বা পঙ্গুত্বপ্রাপ্ত হয়েছেন।
পরিসংখ্যানে দেখা যায়, মোটরসাইকেল দুর্ঘটনা সবচেয়ে প্রাণঘাতী ছিল। ১৫১টি মোটরসাইকেল দুর্ঘটনায় ১৬৭ জন নিহত হয়েছেন, যা মোট নিহতের ৩৭.৩৬ শতাংশ। বিভাগীয় হিসেবে সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটেছে ঢাকা বিভাগে, যেখানে ১১৩টি দুর্ঘটনায় ১১৫ জন নিহত হয়েছেন। সবচেয়ে কম দুর্ঘটনা ঘটেছে বরিশাল বিভাগে, যেখানে ২২টি দুর্ঘটনায় ১৯ জন নিহত এবং ৮৫ জন আহত হয়েছেন।
নিহতদের মধ্যে রয়েছেন ৩ জন পুলিশ, ৩ জন সেনা, ১ জন ফায়ার সার্ভিস কর্মী এবং ২ জন আনসার। এছাড়া ৮৫ জন চালক, ৭২ জন পথচারী, ৪৩ জন নারী, ৪১ জন শিশু এবং ৪৭ জন শিক্ষার্থী প্রাণ হারিয়েছেন।
যাত্রী কল্যাণ সমিতি জানিয়েছে, দুর্ঘটনার ৪১.৭৪ শতাংশ গাড়ি চাপা দেওয়ার এবং ৩৩.২৫ শতাংশ মুখোমুখি সংঘর্ষের ঘটনা। দুর্ঘটনার ৪২.৬৩ শতাংশ জাতীয় মহাসড়কে এবং ২৫.৪৪ শতাংশ আঞ্চলিক মহাসড়কে ঘটেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, যানবাহনের ত্রুটি, বেপরোয়া গতিতে চালানো, ফিডার রোড থেকে হঠাৎ প্রধান সড়কে ওঠা এবং পর্যাপ্ত রোড সাইন না থাকা প্রধান দুর্ঘটনার কারণ। এছাড়া অনভিজ্ঞ সড়ক পরিবহন পরিচালনা, নীতিগত দুর্বলতা, নিয়ন্ত্রণহীন রিকশা, নসিমন-করিমন ও মোটরসাইকেলের অবাধ চলাচল পরিস্থিতিকে আরও জটিল করেছে।
সংস্থার মতে, দক্ষ চালকের অভাব, ফিটনেসবিহীন যানবাহন ও বিরামহীন গাড়ি চালানো সড়কে মৃত্যুর মিছিলকে দীর্ঘায়িত করছে। নিরাপদ সড়কের জন্য অবিলম্বে সুষ্ঠু নিয়ন্ত্রণ ও কঠোর আইন প্রয়োগ প্রয়োজন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে