‘আদিবাসীদের’ নিয়ে মন্ত্রীদের বক্তব্যে ৪৪ জন বিশিষ্ট নাগরিকের প্রতিবাদ
‘আদিবাসী’ জনগোষ্ঠী নিয়ে সম্প্রতি এক গোলটেবিল আলোচনায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ও তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপনের দেওয়া বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন দেশের ৪৪ জন বিশিষ্ট নাগরিক। মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে দুই মন্ত্রীকে তাঁদের বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, গত ১১ আগস্ট ঢাকায় আয়োজিত এক গোলটেবিল আলোচনায় স্বরাষ্ট্রমন্ত্রী ও তথ্যমন্ত্রী বলেন, বাংলাদেশে কোনো আদিবাসী জনগোষ্ঠী নেই এবং সব নাগরিককে কেবল বাংলাদেশি হিসেবে পরিচয় দেওয়া উচিত। ওই অনুষ্ঠানে তথ্যমন্ত্রী আরও বলেন, বাংলাদেশের প্রেক্ষাপটে ‘আদিবাসী’ শব্দটি অপ্রাসঙ্গিক।
দায়িত্বশীল অবস্থানে থাকা দুই মন্ত্রীর এমন মন্তব্যে তাঁরা হতাশ হয়েছেন জানিয়ে বিবৃতিদাতারা বলেন, এ ধরনের বক্তব্যের তাঁরা তীব্র প্রতিবাদ জানাচ্ছেন। তাঁদের মতে, এ বক্তব্য শুধু অনভিপ্রেত নয়, বরং আদিবাসী জাতিগোষ্ঠীর স্বতন্ত্র পরিচয় এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত অধিকারকে হুমকির মুখে ঠেলে দেওয়ার শামিল।
বিবৃতিতে আরও বলা হয়, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে বাংলাদেশে বসবাসরত সব জাতিগোষ্ঠীকে নিয়ে দেশকে ‘রেইনবো নেশন’-এ পরিণত করার অঙ্গীকার করা হয়েছে। সেখানে প্রশ্ন তোলা হয়, বাংলাদেশে যদি আদিবাসী জনগোষ্ঠী না-ই থাকে, তাহলে রেইনবো নেশন গড়ার সেই অঙ্গীকারের উদ্দেশ্য কী?
দুই মন্ত্রীর বক্তব্য সংবিধান, আন্তর্জাতিক আইন ও রাষ্ট্রীয় আইনের সঙ্গে সাংঘর্ষিক দাবি করে বিবৃতিতে তাঁদের অবিলম্বে বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানানো হয়েছে।
প্রথাগতভাবে আদিবাসী বা উপজাতি হিসেবে পরিচিত সংখ্যালঘু অবাঙালি জনগোষ্ঠীকে বর্তমানে সরকারিভাবে ‘ক্ষুদ্র নৃগোষ্ঠী’ হিসেবে উল্লেখ করা হয়।
বিবৃতিতে স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন সুলতানা কামাল, খুশী কবির, শিরীন পারভিন হক, আবু সাঈদ খান, রাশেদা কে চৌধুরী, ইফতেখারুজ্জামান, শাহিন আনাম, জেড আই খান পান্না, ডা. মং উষা থোরাই, শহিদুল আলম, সারা হোসেন, শামসুল হুদা, সুব্রত চৌধুরী, সামিনা লুৎফা, সালমা আলী, মনিন্দ্র কুমার নাথ ও দীপায়ন খীসাসহ বিশিষ্ট নাগরিকেরা।
মতামত দিন