রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে ইবির ৪৪ শিক্ষকের বিরুদ্ধে তদন্ত কমিটি
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ৪৪ জন শিক্ষকের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী নানা কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বুধবার (৫ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে এই বিষয়টি জানানো হয়। গঠিত তদন্ত কমিটিকে আগামী ১২ আগস্টের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এমতাজ হোসেনকে এই তদন্ত কমিটির প্রধান করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন— আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান, আরবি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. রফিকুল ইসলাম এবং সুপ্রিম কোর্টের আইনজীবী ও বিশ্ববিদ্যালয়ের প্যানেল কাউন্সিল ড. সাজ্জাত হোসেন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব শাখার উপ-পরিচালক ইসরাফুল হককে সদস্য সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে।
এর আগে মঙ্গলবার রাতে প্রকাশিত এক সংবাদ প্রতিবেদনে দাবি করা হয়, দেশের ২২টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ৪০৪ জন শিক্ষক ‘বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয় প্রগ্রেসিভ টিচার্স সোসাইটি’ নামের একটি টেলিগ্রাম গ্রুপ খুলে গোপন কর্মকাণ্ড চালাচ্ছেন। ওই তালিকায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৪৪ জন শিক্ষকের নাম রয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ওই গ্রুপটির মাধ্যমে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা এবং নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড পুনরুজ্জীবিত করার পাঁয়তারা করা হচ্ছিল।
বিশ্ববিদ্যালয়ের নির্দেশনায় বলা হয়েছে, এই তদন্ত কমিটি উত্থাপিত অভিযোগগুলো যাচাই-বাছাই করবে, রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত শিক্ষকদের চিহ্নিত করবে এবং তাদের বিরুদ্ধে উপযুক্ত শাস্তিমূলক ব্যবস্থার সুপারিশ করবে। এর পাশাপাশি বিগত সরকারের আমলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে বা শিক্ষার্থীদের ভয়ভীতি প্রদর্শনে অভিযুক্ত শিক্ষকদের কোনো ভূমিকা ছিল কি না, তাও খতিয়ে দেখা হবে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, তদন্তে কেউ দোষী প্রমাণিত হলে বিশ্ববিদ্যালয়ের চাকরি বিধি ও দেশের প্রচলিত আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এ ব্যাপারে তদন্ত কমিটির প্রধান অধ্যাপক ড. এমতাজ হোসেন বলেন, আগামী শনিবার থেকে আনুষ্ঠানিকভাবে তদন্তের কাজ শুরু হবে এবং নির্ধারিত সময়ের মধ্যেই প্রতিবেদন দাখিল করা হবে।
মতামত দিন