বগুড়ায় ভুল প্রশ্নে ৪৩ শিক্ষার্থীর এইচএসসি পরীক্ষা, তদন্তে কমিটি
বগুড়ার শিবগঞ্জ সরকারি এম.এইচ. কলেজ কেন্দ্রে এইচএসসি-২০২৬ এর যুক্তিবিদ্যা বিষয়ের পরীক্ষায় ভুলবশত ২০২৬ সালের পরিবর্তে ২০২৫ সালের সৃজনশীল প্রশ্নপত্রে পরীক্ষা দিয়েছেন ৪৩ জন পরীক্ষার্থী। ঘটনাটি তদন্তে কমিটি গঠন করেছে রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড।
বুধবার (১৫ জুলাই) অনুষ্ঠিত পরীক্ষায় কেন্দ্রের ১০৭ নম্বর কক্ষে দায়িত্বপ্রাপ্ত কক্ষ পরিদর্শকের অসাবধানতায় এ ঘটনা ঘটে।
কেন্দ্র কর্তৃপক্ষের পাঠানো প্রতিবেদনে বলা হয়েছে, ওই কক্ষে ৪৩ জন পরীক্ষার্থীর মধ্যে ভুলবশত আগের বছরের সৃজনশীল প্রশ্নপত্র বিতরণ করা হয়। তবে বহুনির্বাচনি (এমসিকিউ) প্রশ্নপত্র সঠিকভাবে দেওয়া হয়েছিল।
ভুলটি শনাক্ত হওয়ার পরপরই বিষয়টি লিখিতভাবে রাজশাহী শিক্ষা বোর্ডকে জানানো হয়। একই সঙ্গে ভুল প্রশ্নপত্র পাওয়া ৪৩ জন পরীক্ষার্থীর রোল নম্বরসংবলিত তালিকা পাঠিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ করা হয়েছে।
কেন্দ্র সচিব তার প্রতিবেদনে উল্লেখ করেছেন, ঘটনাটি সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং দায়িত্বপ্রাপ্ত কক্ষ পরিদর্শকের অসাবধানতার কারণে এ ত্রুটি ঘটেছে। তিনি মানবিক দৃষ্টিকোণ থেকে বিষয়টি বিবেচনা করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়ার আবেদন জানিয়েছেন।
এ বিষয়ে রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. শামীম আরা চৌধুরী বলেন, ঘটনাটি আমরা জেনেছি। বিষয়টি তদন্তের জন্য একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
মতামত দিন