সারাদেশে মাঠে রয়েছে র্যাবের ৪২৮ টহল দল
বুধবার (২৯ নভেম্বর) ভোর থেকে সারাদেশে অবরোধ কর্মসূচি পালন করছে বিএনপি ও সমমনা দলগুলো। এ ছাড়া আগামীকাল বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতালেরও ডাক দিয়েছে তারা। এ পরিস্থিতিতে সারাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাবের ৪২৮টি টহল দল মোতায়েন করা হয়েছে। শুধু রাজধানীতেই মাঠে রয়েছে ১৪০টি টহল দল। বুধবার সকালে এসব তথ্য জানান র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক আ ন ম ইমরান খান।
তিনি জানান, যেকোনো নাশকতা ও সহিংসতা প্রতিরোধে বাসস্ট্যান্ড, রেলস্টেশনসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে গোয়েন্দারা ছদ্মবেশে নজরদারি অব্যাহত রেখেছেন। এ ছাড়া নিরাপত্তা প্রদানে দেশের বিভিন্ন স্থানে দূরপাল্লার গণপরিবহন ও পণ্যবাহী পরিবহনের ক্ষেত্রে এস্কর্ট প্রদান করে নিরাপদে গন্তব্যস্থলে পৌঁছে দিচ্ছে র্যাব।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ও খালেদা জিয়াসহ কারাবন্দি সব নেতাকর্মীর মুক্তির দাবিতে দফায় দফায় অবরোধ ও হরতাল পালন করছে বিএনপি ও সমমনা দলগুলো। তারই ধারাবাহিকতায় বুধবার অবরোধ ও বৃহস্পতিবার হরতালের ডাক দেয় তারা।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে