রাজবাড়ীতে আমবাগান থেকে ৪২টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার
রাজবাড়ীর পাংশায় অভিযান চালিয়ে ৪২টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১০ (এসআরবি-১০)। শুক্রবার (৯ অক্টোবর) ভোরে পাংশা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বিষ্ণুপুর এলাকার একটি আমবাগান থেকে পরিত্যক্ত অবস্থায় এসব ককটেল উদ্ধার করা হয়।
এসআরবি-১০-এর সহকারী পরিচালক (মিডিয়া) ও সিনিয়র সহকারী পুলিশ সুপার তপন সরকার এক বিশেষ সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তি অনুযায়ী, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোর আনুমানিক ৫টা ৪০ মিনিটে এসআরবি-১০-এর ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল বিষ্ণুপুর এলাকায় অভিযান চালায়। এ সময় আমবাগান থেকে মালিকবিহীন অবস্থায় ৪২টি ককটেল উদ্ধার করা হয়।
উদ্ধার করা ককটেলগুলো সম্পূর্ণ অবিস্ফোরিত ছিল বলে জানিয়েছে এসআরবি-১০। এগুলো ব্যবহার করে বড় ধরনের কোনো নাশকতার পরিকল্পনা ছিল কি না, তা খতিয়ে দেখতে গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অবৈধ অস্ত্র ও গোলাবারুদের মজুত, পরিবহন এবং ব্যবহার প্রতিরোধে নিয়মিত গোয়েন্দা তথ্য সংগ্রহ ও অভিযান পরিচালনা করছে বাহিনীটি। জননিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধীদের আইনের আওতায় আনতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মতামত দিন