Views Bangladesh Logo

৪২ দলের কেউ জয়ী হতে পারেননি ভোটে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিবন্ধিত ৫৯টি রাজনৈতিক দলের মধ্যে ৫১টি দল এবারের অংশ নেয়। ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, অংশগ্রহণকারী ৫১ দলের মধ্যে ৪২ দলের কোনো প্রার্থীই জয়লাভ করতে পারেননি। মাত্র ৯টি দলের প্রার্থীরা সংসদে প্রতিনিধিত্ব নিশ্চিত করতে পেরেছেন।

২৯৯ আসনে ভোটগ্রহণ হলেও এখন পর্যন্ত ফল প্রকাশ করা হয়েছে ২৯৭টির। প্রকাশিত ফল অনুযায়ী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) পেয়েছে ২০৯টি আসন। বাংলাদেশ জামায়াতে ইসলামী জয়ী হয়েছে ৬৮টি আসনে। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পেয়েছে ৬টি আসন।

এ ছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণঅধিকার পরিষদ, বাংলাদেশ জাতীয় পার্টি–বিজেপি, গণসংহতি আন্দোলন ও খেলাফত মজলিস একটি করে আসনে জয় পেয়েছে। অন্যদিকে বাংলাদেশ খেলাফত মজলিস জয়ী হয়েছে দুটি আসনে।

নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব আখতার আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আদালতের নিষেধাজ্ঞার কারণে চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪ আসনের ফলাফল গেজেট আকারে প্রকাশ করা যাচ্ছে না। এ ছাড়া একজন প্রার্থীর মৃত্যুর কারণে শেরপুর-৩ আসনে ভোট পরে অনুষ্ঠিত হবে।

অংশ নেওয়া ৫১ দলের মধ্যে ৪২ দল কোনো আসনেই জয়লাভ করতে পারেনি। অনেক দল শতাধিক আসনে প্রার্থী দিলেও শেষ পর্যন্ত শূন্য হাতে ফিরতে হয়েছে। ফলে সংসদে প্রতিনিধিত্ব সীমিত হয়েছে অল্প কয়েকটি দলের মধ্যে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বড় দলকেন্দ্রিক মেরুকরণ, জোটভিত্তিক নির্বাচন এবং কৌশলগত ভোটিংয়ের কারণে ছোট ও নতুন দলগুলো কাঙ্ক্ষিত ফল পায়নি। নির্বাচনী প্রতিযোগিতা মূলত কয়েকটি বড় দলের মধ্যেই সীমাবদ্ধ ছিল।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ