বগুড়ায় ভুল প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা দিল ৪২ শিক্ষার্থী
বগুড়ার শিবগঞ্জে এইচএসসি পরীক্ষার একটি কেন্দ্রে ভুলবশত আগের বছরের প্রশ্নপত্র বিতরণ করায় ৪২ জন পরীক্ষার্থী সেই প্রশ্নেই সৃজনশীল (সিকিউ) অংশের পরীক্ষা দিয়েছেন। পরীক্ষা শেষে বিষয়টি ধরা পড়লে ডাকঘরে পাঠানো উত্তরপত্র ফিরিয়ে এনে প্রয়োজনীয় সিদ্ধান্তের জন্য রাজশাহী শিক্ষা বোর্ডে পাঠানো হয়েছে।
এ ঘটনায় দায়িত্বে থাকা দুই কক্ষ পরিদর্শককে পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। পাশাপাশি ঘটনার তদন্তে একটি কমিটিও গঠন করা হয়েছে।
বুধবার শিবগঞ্জ সরকারি এম. এইচ. কলেজ কেন্দ্রে যুক্তিবিদ্যা বিষয়ের পরীক্ষায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দ্র সচিব ও কলেজটির অধ্যক্ষ অধ্যাপক আবুল কালাম আসাদ।
কেন্দ্র সূত্রে জানা গেছে, ১০৭ নম্বর কক্ষে ৪৩ জন নিয়মিত পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। সৃজনশীল অংশের প্রশ্নপত্র বিতরণের সময় ভুলবশত ২০২৬ সালের পরিবর্তে ২০২৫ সালের প্রশ্নপত্র দেওয়া হয়। ৪২ জন পরীক্ষার্থী সেই প্রশ্নেই উত্তর লেখা শুরু করেন। তবে বহুনির্বাচনি (এমসিকিউ) অংশের প্রশ্নপত্র সঠিক থাকায় ওই অংশে কোনো জটিলতা হয়নি। একজন পরীক্ষার্থী সঠিক প্রশ্নপত্র পেয়েছিলেন।
পরীক্ষা শেষে বিষয়টি কেন্দ্র সচিবের নজরে এলে ডাকঘরে পাঠানো উত্তরপত্র ফিরিয়ে আনা হয়। পরে ওই ৪২ জন পরীক্ষার্থীর রোল নম্বরসহ তালিকা প্রস্তুত করে প্রয়োজনীয় সিদ্ধান্তের জন্য রাজশাহী শিক্ষা বোর্ডে পাঠানো হয়।
অধ্যাপক আবুল কালাম আসাদ বলেন, ১০৭ নম্বর কক্ষের ৪৩ জন পরীক্ষার্থীর মধ্যে ৪২ জন ভুলবশত ২০২৫ সালের প্রশ্নপত্র পেয়েছিলেন। বিষয়টি জানার সঙ্গে সঙ্গে উত্তরপত্র ডাকঘর থেকে ফিরিয়ে এনে বোর্ডে পরীক্ষার্থীদের তালিকা পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, প্রশ্নপত্র গ্রহণের পর দায়িত্বপ্রাপ্ত কমিটি তা যাচাই করে কক্ষ পরিদর্শকদের কাছে হস্তান্তর করে। তারপরও অনাকাঙ্ক্ষিতভাবে এ ভুল হয়েছে। এ ঘটনায় দায়িত্বে থাকা দুই পরিদর্শককে কারণ দর্শানোর নোটিশ দিয়ে পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
কেন্দ্র কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনার কারণ অনুসন্ধানে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। রাজশাহী শিক্ষা বোর্ডের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
মতামত দিন