সিলেটে অবৈধ বালু-পাথরসহ ৪১ ট্রাক্টর জব্দ, আটক ৬
সিলেটের সীমান্তবর্তী কোম্পানীগঞ্জ উপজেলার শাহ আরেফিন টিলা এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ বালু-পাথরসহ ৪১টি মাহিন্দ্রা ট্রাক্টর জব্দ করা হয়েছে। এ সময় ছয়জনকে আটক করা হয়।
শুক্রবার (২০ মার্চ) দুপুরে বিজিবির সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে নোয়াকোট বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় অবৈধভাবে পাথর উত্তোলনের খবর পায় বিজিবি। পরে কালাসাদেক বিওপির নেতৃত্বে কালাইরাগ, নোয়াকোট ও লবিয়া বিওপির সমন্বয়ে অভিযান চালানো হয়।
অভিযানের প্রথম পর্যায়ে ৩৪টি মাহিন্দ্রা ট্রাক্টর, প্রায় ৭ হাজার ঘনফুট পাথর এবং ২৩০ ঘনফুট বালু জব্দ করা হয়।
পরবর্তীতে কোম্পানীগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) পলাশ তালুকদারের নেতৃত্বে বিজিবি, পুলিশ ও আনসারের যৌথ অভিযানে আরও ট্রাক্টর জব্দ করা হয়। সব মিলিয়ে ৪১টি ট্রাক্টর জব্দ এবং ছয়জনকে আটক করা হয়েছে।
আটক ব্যক্তিদের ট্রাক্টরসহ কোম্পানীগঞ্জ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানানো হয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে