আগামী এক বছরে ফ্যামিলি কার্ড পাবেন ৪১ লাখ পরিবার: প্রধানমন্ত্রী
আগামী এক বছরের মধ্যে দেশের ৪১ লাখ পরিবারকে ‘ফ্যামিলি কার্ড’ বা পারিবারিক কার্ড কর্মসূচির আওতায় আনা হবে বলে ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (১৩ জুলাই) সকালে বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোরের অশ্বিনী কুমার ইনস্টিটিউট মাঠে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই ঘোষণা দেন।
অনুষ্ঠানে গৌরনদী উপজেলার প্রায় ৬০০ অসহায় ও দুস্থ পরিবারের মাঝে আনুষ্ঠানিকভাবে এই ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়। এ সময় প্রধানমন্ত্রী কার্ড পাওয়া সুবিধাভোগী নারীদের সঙ্গে সরাসরি কথা বলেন এবং তাদের জীবনযাত্রার সার্বিক খোঁজখবর নেন।
প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে বলেন, ‘গৌরনদীতে আজ ৬০০ পরিবার ফ্যামিলি কার্ড পেয়েছেন। বাকি পরিবারগুলোকেও ধাপে ধাপে এর আওতায় আনা হবে।’
বিদায়ী সরকারের কাছ থেকে পাওয়া বাজেটে এই ফ্যামিলি কার্ড কর্মসূচির জন্য কোনো আর্থিক বরাদ্দ ছিল না উল্লেখ করে তিনি বলেন, তবে নতুন বাজেটে এ কর্মসূচির জন্য পর্যাপ্ত অর্থ বরাদ্দ রাখা হয়েছে।
তারেক রহমান বলেন, আগামী এক বছরের বাজেটের ভিত্তিতে সারা দেশে ৪১ লাখ পরিবারের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হবে। সে হিসাবে প্রতিটি উপজেলায় গড়ে প্রায় ৭ হাজার পরিবার এই সুবিধার আওতায় আসবে। আগামী পাঁচ বছরের মধ্যে দেশের সব পরিবারের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে।
তিনি আরও বলেন, দেশের উন্নয়নে পুরুষের পাশাপাশি নারীদের শিক্ষা ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়া জরুরি। নারীদের এগিয়ে নিতে উচ্চশিক্ষা পর্যন্ত বিনামূল্যে শিক্ষা এবং ভালো ফল করা শিক্ষার্থীদের জন্য বৃত্তির ব্যবস্থা করা হবে।
এর আগে গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের শরিকল খালের পাড়ে একটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় দেশের সর্বস্তরের মানুষকে নিজ নিজ উদ্যোগে অন্তত একটি করে ফলদ, বনজ বা ঔষধি গাছ লাগানোর উদাত্ত আহ্বান জানান তিনি।
মতামত দিন