সোনাগাজীতে ৪০ সেকেন্ডের টর্নেডো, বিধ্বস্ত ২০ বাড়ি
ফেনীর সোনাগাজী উপজেলায় মাত্র ৪০ সেকেন্ডের একটি টর্নেডোতে অন্তত ২০টি বাড়ি বিধ্বস্ত হয়েছে। এছাড়া শতাধিক গাছপালা ও চারটি বিদ্যুতের খুঁটি উপড়ে গেছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে ৩৫টি পরিবার।
রোববার (১৯ জুলাই) দুপুর ১২টার দিকে উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের মধ্যম স্বরাজপুর গ্রামে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকট শব্দে টর্নেডোটি আঘাত হানার পর মুহূর্তেই চারটি বিদ্যুতের খুঁটি উপড়ে যায় এবং শতাধিক গাছ ভেঙে পড়ে। টর্নেডোর তাণ্ডবে ছোট-বড় প্রায় ২০টি ঘরবাড়ি সম্পূর্ণ বিধ্বস্ত হয়। এছাড়া ৩৫টি পরিবারের বিদ্যুতের মিটার ছিটকে দূরে পড়ে যায়।
স্থানীয় বাসিন্দা আলিম উদ্দিন বলেন, ৭০ বছরের জীবনে তিনি এমন ভয়াবহ টর্নেডো দেখেননি। মুহূর্তের মধ্যেই পুরো এলাকা লণ্ডভণ্ড হয়ে যায়।
জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মাহমুদ আলম জানান, ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে। ক্ষতিগ্রস্তদের জন্য শুকনো খাবার বিতরণের নির্দেশ দেওয়া হয়েছে।
সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিগ্যান চাকমা বলেন, প্রশাসন দ্রুত ক্ষতিগ্রস্তদের সহায়তায় প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।
মতামত দিন