Views Bangladesh Logo

আন্দারমানিক নদীর তীরে ভেসে এল ৪০ ফুট লম্বা মৃত তিমি

বরগুনার তালতলী উপজেলার আন্দারমানিক নদীর তীরে ভেসে এসেছে প্রায় ৪০ ফুট লম্বা একটি তিমির মৃতদেহ।

আজ বুধবার সকাল সাতটার দিকে উপজেলার বড়বগি ইউনিয়নের চরপাড়া গ্রামের কাছে নদীর তীরে স্থানীয় বাসিন্দারা তিমিটিকে দেখতে পান বলে জানিয়েছেন বন বিভাগের তালতলী রেঞ্জ কর্মকর্তা জিয়াউর রহমান।

পরিবেশকর্মী ও কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির সদস্য আরিফুর রহমান বলেন, সকালে উপকূলীয় মোহনায় তিমিটিকে দেখা যায়। পরে বেলা ১১টার দিকে সেটি আবার গভীর সমুদ্রের দিকে ভেসে যেতে শুরু করে। খবর পেয়ে বন বিভাগের কর্মীরা এটি উদ্ধারের চেষ্টা শুরু করেন।

রেঞ্জ কর্মকর্তা জিয়াউর রহমান বলেন, 'কলাপাড়ার সঙ্গে তালতলীর সীমান্তবর্তী আন্ধারমানিক নদীর দিকে মৃত তিমিটি ভেসে যাচ্ছিল। সেটিকে নিশানবাড়িয়ার দিকে আনার চেষ্টা চলছে।' মাটিচাপা দেওয়ার আগে তিমিটির প্রয়োজনীয় তথ্য ও নমুনা সংগ্রহ করা হবে বলে জানান তিনি।

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ অ্যান্ড মেরিন সায়েন্স অনুষদের সহকারী অধ্যাপক মীর মোহাম্মদ আলী বলেন, ছবি দেখে প্রাথমিকভাবে এটিকে একটি বেলিন তিমি বলে মনে হচ্ছে, সম্ভবত ব্রাইডস তিমি।

তিনি বলেন, তিমিটির মৃত্যুর সুনির্দিষ্ট কারণ এখনই বলা সম্ভব নয়। জালে আটকা পড়া, বড় জাহাজের সঙ্গে সংঘর্ষ, সামুদ্রিক দূষণ বা প্লাস্টিক খাওয়া, কিংবা অসুস্থ হয়ে স্রোতের টানে অগভীর পানিতে চলে আসার কারণে এমনটা হতে পারে। জোয়ারের সময় নদীতে ঢুকে ভাটায় আটকে পড়ার সম্ভাবনাও রয়েছে বলে জানান তিনি।

মৃত্যুর প্রকৃত কারণ জানতে সরেজমিনে পরীক্ষা-নিরীক্ষা প্রয়োজন বলে মন্তব্য করেন মীর মোহাম্মদ আলী। তিনি আরও বলেন, তিমির মরদেহ থেকে নমুনা সংগ্রহ ও কঙ্কাল সংরক্ষণ করা গেলে তা গবেষণা ও শিক্ষার কাজে ব্যবহার করা সম্ভব হবে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ