লটারির মাধ্যমে গণপূর্তের ৪০৯ প্রকৌশলীকে বদলি
বদলি-সংক্রান্ত তদবির ও প্রভাব কমাতে লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৪০৯ জন প্রকৌশলীকে বদলি করা হয়েছে। রোববার সেগুনবাগিচার পূর্ত ভবনের সম্মেলন কক্ষে এই বদলি কার্যক্রম অনুষ্ঠিত হয়।
বদলিকৃতদের মধ্যে রয়েছেন ১৫২ জন সহকারী প্রকৌশলী (সিভিল), ৬৭ জন সহকারী প্রকৌশলী (ই/এম), ১৩৫ জন উপবিভাগীয় প্রকৌশলী (সিভিল) এবং ৫৫ জন উপবিভাগীয় প্রকৌশলী (ই/এম)। সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতে লটারির মাধ্যমে তাদের নতুন কর্মস্থল নির্ধারণ করা হয়।
গণপূর্ত অধিদপ্তর জানিয়েছে, বদলি প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতেই এই পদ্ধতি চালু করা হয়েছে। এর আগে গত ৩০ জুলাই লটারির মাধ্যমে ৭৬৭ জন উপ-সহকারী প্রকৌশলী (সিভিল) এবং ৩ আগস্ট আরও ২৫৪ জন উপ-সহকারী প্রকৌশলী (ই/এম)-কে একই পদ্ধতিতে বদলি করা হয়েছিল।
অনুষ্ঠানে গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আবুল খায়ের, আশ্রাফুল হক, কাজী মো. ফিরোজ হাসান এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সারোয়ার আলমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মতামত দিন