এপ্রিলে সড়ক দুর্ঘটনায় ৪০৪ জন নিহত, আহত ৭০৯
দেশে গত এপ্রিল মাসে সড়ক দুর্ঘটনায় মোট ৪০৪ জন নিহত এবং ৭০৯ জন আহত হয়েছেন বলে জানিয়েছে রোড সেফটি ফাউন্ডেশন (আরএসএফ)। একই সময়ে সারাদেশে ৪৬৩টি সড়ক দুর্ঘটনা ঘটেছে।
বুধবার (৬ মে) প্রকাশিত সংস্থাটির প্রতিবেদনে বলা হয়, জাতীয় দৈনিক, অনলাইন নিউজ পোর্টাল, ইলেকট্রনিক মিডিয়া এবং নিজস্ব তথ্যের ভিত্তিতে এই পরিসংখ্যান প্রস্তুত করা হয়েছে।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, মোট দুর্ঘটনার মধ্যে ১৪২টি মোটরসাইকেল দুর্ঘটনায় ১১৩ জন নিহত হয়েছেন, যা মোট মৃত্যুর প্রায় ২৭ দশমিক ৯৭ শতাংশ। এছাড়া পথচারী নিহত হয়েছেন ১০২ জন এবং যানবাহনের চালক ও সহকারী নিহত হয়েছেন ৪৬ জন।
দুর্ঘটনার ধরন বিশ্লেষণে দেখা যায়, ৯৭টি দুর্ঘটনা মুখোমুখি সংঘর্ষে, ১৯৪টি নিয়ন্ত্রণ হারিয়ে, ১০৬টি পথচারীকে চাপা বা ধাক্কা দিয়ে এবং ৫২টি পেছন থেকে আঘাতের কারণে ঘটেছে।
সড়কভিত্তিক পরিসংখ্যানে দেখা গেছে, ১৬৮টি দুর্ঘটনা জাতীয় মহাসড়কে, ১৯৩টি আঞ্চলিক সড়কে, ৪৫টি গ্রামীণ সড়কে এবং ৫৭টি শহরের সড়কে ঘটেছে।
বিভাগভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি দুর্ঘটনা ও মৃত্যু ঘটেছে ঢাকা বিভাগে। সেখানে ১০৯টি দুর্ঘটনায় ১০২ জন নিহত হয়েছেন। রাজধানী ঢাকায় ৩৬টি দুর্ঘটনায় ২৪ জন নিহত এবং ৬৭ জন আহত হয়েছেন। অন্যদিকে সবচেয়ে কম দুর্ঘটনা ঘটেছে সিলেট বিভাগে, যেখানে ১২টি দুর্ঘটনায় ১২ জন নিহত হন।
প্রতিবেদনে বলা হয়েছে, মোট ৬৫৯টি যানবাহন দুর্ঘটনায় সম্পৃক্ত ছিল। এর মধ্যে মোটরসাইকেল ১৫৩টি, থ্রি-হুইলার ১১২টি, ট্রাক ৯১টি এবং বাস ৮৪টি।
রোড সেফটি ফাউন্ডেশন দুর্ঘটনার প্রধান কারণ হিসেবে বেপরোয়া গতি, ত্রুটিপূর্ণ যানবাহন, দুর্বল সড়ক অবকাঠামো, অদক্ষ চালক, ট্রাফিক আইন অমান্য এবং দুর্বল ট্রাফিক ব্যবস্থাপনাকে দায়ী করেছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে