ভারত-বাংলাদেশ পাইপলাইনের মাধ্যমে এলো ৪ হাজার মেট্রিক টন ডিজেল
ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে প্রায় ৪ হাজার মেট্রিক টন বা ৪৭ লাখ লিটার ডিজেল দিনাজপুরের পার্বতীপুর রিসিভিং টার্মিনাল ডিপোতে এসে পৌঁছেছে।
পাইপলাইনের ৭২তম চালানের অংশ হিসেবে এ ডিজেল আমদানি করা হয়েছে। গত রবিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ৯টায় ডিজেল হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়ে মঙ্গলবার বিকালে তা শেষ হয় বলে জানান দিনাজপুরের পার্বতীপুর রেল ডিপোর অপারেশন ম্যানেজার মো. রবিউল।
২০১৮ সালে স্বাক্ষরিত দ্বিপক্ষীয় চুক্তি অনুযায়ী, ১৫ বছরে ভারত থেকে বাংলাদেশে প্রায় ২০ লাখ টন ডিজেল আমদানির বিষয়ে দুই দেশ সম্মত হয়। ২০২৩ সালের মার্চে ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন উদ্বোধনের পর থেকে এই পথে এখন পর্যন্ত ৩ লাখ ৩০ হাজার ৮৭ টন ডিজেল আমদানি করা হয়েছে।
আমদানিকৃত এই ডিজেল রাষ্ট্রায়ত্ত তিন প্রতিষ্ঠান পদ্মা অয়েল, মেঘনা পেট্রোলিয়াম ও যমুনা অয়েল কোম্পানির মধ্যে প্রায় সমপরিমাণে বিতরণ করা হয়।
উল্লেখ্য, পাইপলাইনের বাংলাদেশ অংশটি ১২৬ দশমিক ৫৭ কিলোমিটার দীর্ঘ। এটি পঞ্চগড়, নীলফামারী ও দিনাজপুরের বিভিন্ন এলাকার ওপর দিয়ে পার্বতীপুরে পৌঁছেছে।
মতামত দিন