চাঁপাইনবাবগঞ্জে ৪০ শতাংশ বিদ্যুৎ ঘাটতি, বেড়েছে লোডশেডিং
চাঁপাইনবাবগঞ্জে তীব্র গরমের কারণে বিদ্যুতের চাহিদা বাড়ায় ৪০ শতাংশ পর্যন্ত ঘাটতি দেখা দিয়েছে। এতে জেলা শহরসহ পাঁচ উপজেলার বাসিন্দাদের মধ্যে লোডশেডিং বেড়ে ভোগান্তি তৈরি হয়েছে। শহরের তুলনায় গ্রামাঞ্চলে লোডশেডিংয়ের মাত্রা আরও বেশি বলে জানা গেছে।
বিদ্যুৎ বিভাগ জানিয়েছে, চাহিদা বাড়লেও সেই অনুযায়ী সরবরাহ পাওয়া যাচ্ছে না। ফলে এলাকাভেদে ঘন ঘন লোডশেডিং দিতে হচ্ছে।
নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো) চাঁপাইনবাবগঞ্জের নির্বাহী প্রকৌশলী মো. আলিউল আজিম বলেন, শহরে বর্তমানে বিদ্যুতের চাহিদা প্রায় ৩১ থেকে ৩২ মেগাওয়াট, কিন্তু সরবরাহ পাওয়া যাচ্ছে ২৫ থেকে ২৬ মেগাওয়াট। এতে ৫ থেকে ৬ মেগাওয়াট ঘাটতি থাকছে, যার কারণে লোডশেডিং করতে হচ্ছে।
অন্যদিকে চাঁপাইনবাবগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার হাওলাদার মো. ফজলুর রহমান জানান, এপ্রিলের শুরু থেকেই গরম বেড়ে যাওয়ায় বিদ্যুতের চাহিদা বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি গ্রামাঞ্চলে বোরো ধান চাষের কারণে সেচের জন্য অতিরিক্ত বিদ্যুতের প্রয়োজন হচ্ছে।
তিনি আরও বলেন, বর্তমানে চাহিদার তুলনায় ৩০ থেকে ৪০ শতাংশ বিদ্যুৎ কম সরবরাহ পাওয়া যাচ্ছে। ফলে নির্দিষ্ট সময় ও এলাকাভেদে লোডশেডিং দেওয়া হচ্ছে। পরিস্থিতি ভবিষ্যতে আরও বাড়বে কিনা, তা নির্ভর করবে চাহিদা ও সরবরাহের ওপর।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে