Views Bangladesh Logo

সুনামগঞ্জের ছাতকে দুপক্ষের সংঘর্ষে আহত ৪০

সুনামগঞ্জের ছাতকে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। প্রায় ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে অন্তত ৪০ জন আহতের খবর পাওয়া গেছে।

শনিবার (২৩ মে) সকালে আধিপত্য বিস্তার নিয়ে উত্তর খুরমা ইউনিয়নের আমেরতল গ্রামে এই ঘটনা ঘটে।

সংঘর্ষে আহতদের মধ্যে ৬ জনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তারা হলেন- আক্তার হোসেন (৫০), তাজুল ইসলাম (৫৫), শাহজাহান মিয়া (৬০), মুক্তার আলী (৫৫), কেনু মিয়া (৩৫), ছালেক মিয়া (২৩)। এই ৬ জনসহ আহত ২৯ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাছাড়া আহত আরও ৯ জন ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে অ্যাডভোকেট মনির উদ্দিন ও কফিল উদ্দিন মধ্যে বিরোধ চলে আসছিল। এর আগেও দুপক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। থানা ও আদালতে উভয়পক্ষের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। চলমান মামলাগুলোর মধ্যে একটি মামলার আসামি করা হয় কফিল উদ্দিনের ভাই ফয়সাল আহমদকে। কোরবানি ঈদকে কেন্দ্র করে ফয়সাল বাড়িতে আসার ঘটনাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে শনিবার সকালে দেশীয় অস্ত্রশস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই পক্ষ। প্রায় এক ঘণ্টা ধরে চলে দুপক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ। পরে খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় পুলিশ।

ছাতক থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান জানান, সংঘর্ষের খবর পেয়ে সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে। পুলিশ সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছেন। পূর্ব বিরোধের জেরে সংঘর্ষের সূত্রপাত বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। বর্তমানে ঘটনাস্থলের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ