নতুন সরকারের মন্ত্রীদের জন্য ৪০ বাড়ি ও অর্ধশত গাড়ি প্রস্তুত
নির্বাচনে দুই শতাধিক আসনে নিরঙ্কুশ বিজয়ের পর দেশের শাসনভার গ্রহণ করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এজন্য হবু মন্ত্রিসভার সদস্যদের জন্য ইতোমধ্যে ৪০টি সরকারি বাসভবন ও অর্ধশত বিলাসবহুল গাড়ি প্রস্তুত করা হয়েছে।
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, মন্ত্রিসভার সদস্যদের জন্য ঢাকার বেইলি রোড, গুলশান, ধানমন্ডি এবং মিন্টো রোড এলাকায় প্রায় ৪০টি বাসভবন প্রস্তুত রাখা হয়েছে। তবে নতুন সরকারের চাহিদার ওপর ভিত্তি করে এই সংখ্যা আরও বাড়ানো হতে পারে।
এ বিষয়ে নাম প্রকাশ না করার শর্তে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, মন্ত্রীদের এখনই ওঠার মতো প্রায় ৪০টি সরকারি বাসভবন আছে। এগুলো আগের মন্ত্রীদের জন্য বরাদ্দ দেওয়া ছিল। অন্তর্বর্তীকালীন সরকারের কয়েকজন উপদেষ্টা কয়েকটি বাড়ি ব্যবহার করেছেন, আবার অনেকগুলো বর্তমানে ফাঁকা আছে। মন্ত্রীদের আবাসন নিয়ে আপাতত কোনো সমস্যা হবে না।
তিনি আরও জানান, যেসব বাড়ি সংস্কার করা প্রয়োজন, সেগুলোতে দ্রুত কাজ শুরু করা হবে।
এ ছাড়াও মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রয়োজনীয় সংখ্যক গাড়ি প্রস্তুত রাখার জন্য সরকারি যানবাহন অধিদপ্তরকে নির্দেশনা দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সেই নির্দেশনার পরিপ্রেক্ষিতে প্রাথমিকভাবে মন্ত্রীদের জন্য ৫০টি গাড়ি প্রস্তুত রাখা হয়েছে।
এ প্রসঙ্গে জানতে চাইলে সরকারি যানবাহন অধিদপ্তরের পরিবহন কমিশনার (অতিরিক্ত সচিব) মো. খায়রুল কবীর মেনন গণমাধ্যমকে বলেন, মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা অনুযায়ী আমরা প্রয়োজনীয় সংখ্যক গাড়ি প্রস্তুত রাখছি। তবে ঠিক কতগুলো গাড়ি লাগবে, সেটি শপথের দিন মন্ত্রিপরিষদ বিভাগ থেকে চূড়ান্তভাবে জানানো হবে। সেই অনুযায়ী আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার ২৯৯টি আসনে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পায় বিএনপি। নির্বাচন কমিশনের তথ্যমতে, মোট ভোটের ৪৯.৯৭ শতাংশ পেয়ে দুই শতাধিক আসনে জয়লাভ করে দলটি। অপরদিকে, ৩১.৭৬ শতাংশ ভোট পেয়ে প্রধান বিরোধী দল হিসেবে আবির্ভূত হয় বাংলাদেশ জামায়াতে ইসলামী।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে