সুদানে আধাসামরিক বাহিনীর হামলায় নিহত ৪০
সুদানের একটি গ্রামে আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সের (আরএসএফ) হামলায় কমপক্ষে ৪০ জন নিহত হয়েছেন। রবিবার (১৫ সেপ্টেম্বর) স্থানীয় কর্তৃপক্ষ এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। খবর সিনহুয়ার।
খবরে বলা হয়, গেজিরা রাজ্যের আবু গৌতা এলাকার গৌজ আল-নাকা গ্রামে এই হামলার ঘটনা ঘটে।
আবু গৌতা প্রতিরোধ কমিটি বিবৃতিতে জানিয়েছে, গ্রামে বেশ কিছু মৃতদেহ দেখা যাচ্ছে। কারণ আরএসএফ বাস্তুচ্যুত গ্রামবাসীদের মৃতদের দাফন করার জন্য ফিরে আসতে বাধা দিচ্ছে।
কমিটি সুশীল সমাজের সংগঠনগুলোকে আরএসএফ-এর উপর চাপ সৃষ্টি করার জন্য বাসিন্দাদের গ্রামে প্রবেশ করতে এবং মৃতদের কবর দেওয়ার জন্য আহ্বান জানায়।
তবে আরএসএফ হামলার বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি।
সুদানী সশস্ত্র বাহিনী (এসএএফ) রাজ্যের রাজধানী ওয়াদ মাদানি থেকে প্রত্যাহার করার পর আরএসএফ ২০২৩ সালের ডিসেম্বরে গেজিরা রাজ্যের নিয়ন্ত্রণ নেয়।
২০২৩ সালের ১৫ এপ্রিল থেকে এসএএফ এবং আরএসএফ সহিংস সংঘর্ষে জড়িয়ে পড়েছে। সংঘর্ষে এখন পর্যন্ত কমপক্ষে ১৬ হাজার ৬৫০ জন মারা গেছেন। বাস্তুচ্যুত হয়েছেন লক্ষ লক্ষ লোক।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে