Views Bangladesh Logo

ইউরোপের ৩ দেশ থেকে ফেরত এলেন ৪০ বাংলাদেশি

 VB  Desk

ভিবি ডেস্ক

বৈধ কাগজপত্র না থাকায় ইউরোপের তিন দেশ থেকে ৪০ বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হয়েছে। বৃহস্পতিবার সকালে একটি বিশেষ চার্টার্ড ফ্লাইটে তারা ঢাকায় পৌঁছান।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও ইমিগ্রেশন সূত্র জানায়, ফেরত আসা ব্যক্তিদের মধ্যে সাইপ্রাস থেকে ২৪ জন, গ্রিস থেকে ১৫ জন এবং বুলগেরিয়া থেকে একজন রয়েছেন। সকাল পৌনে ৮টার দিকে ফ্লাইটটি ঢাকায় অবতরণ করে।

বিমানবন্দরে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের অধীন এভিয়েশন সিকিউরিটির সহযোগিতায় তাদের গ্রহণ করে ব্র্যাকের মাইগ্রেশন কর্মসূচির একটি দল। এ সময় পররাষ্ট্র মন্ত্রণালয়, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, এভিয়েশন সিকিউরিটি, পুলিশের অপরাধ তদন্ত বিভাগ ও প্রবাসী কল্যাণ ডেস্কের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে সকাল সাড়ে ১০টার দিকে তারা বিমানবন্দর ত্যাগ করেন।

ব্র্যাকের মাইগ্রেশন কর্মসূচি ও ইয়ুথ প্ল্যাটফর্মের সহযোগী পরিচালক শরিফুল হাসান বলেন, প্রাথমিক কথাবার্তায় জানা গেছে, ফেরত আসা ব্যক্তিদের ইউরোপে বৈধভাবে থাকার প্রয়োজনীয় কাগজপত্র ছিল না। এ কারণে তাদের নিজ নিজ দেশ থেকে ফেরত পাঠানো হয়েছে।

তিনি জানান, দেশে ফেরার পর প্রত্যেককে ২৯ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। এ ছাড়া তাদের খাবার এবং পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগের ব্যবস্থাও করা হয়েছে। দীর্ঘমেয়াদে পুনর্বাসনের জন্য তাদের কাউন্সেলিং, প্রশিক্ষণ ও আর্থিক সহায়তা দেওয়ার পরিকল্পনাও রয়েছে।

প্রয়োজনীয় নথি না থাকা বাংলাদেশি নাগরিকদের ফেরত পাঠানোর ক্ষেত্রে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে ২০১৭ সালে একটি মানসম্মত কার্যপদ্ধতি (এসওপি) সই হয়। এর আওতায় আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর এবং সংশ্লিষ্ট ব্যক্তির বাংলাদেশি নাগরিকত্ব নিশ্চিত হওয়ার ভিত্তিতে তাদের দেশে ফেরত পাঠানো হয়।

এর আগে গত ২১ মে একটি বিশেষ ফ্লাইটে ইউরোপ থেকে আরও ২৭ বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হয়েছিল।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ