রাজধানীতে আওয়ামী লীগের ৪০ নেতাকর্মী গ্রেফতার
রাজধানীর বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৪০ সক্রিয় সদস্যকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
বুধবার (৩০ সেপ্টেম্বর) এমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক খুদে বার্তায় এ তথ্য জানানো হয়।
ডিএমপি জানিয়েছে, রাজধানীর বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ নিয়ন্ত্রণে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এসব অভিযান পরিচালনা করা হয়েছে। আটক ৪০ জনের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। তবে তাদের বিস্তারিত পরিচয় প্রকাশ করা হয়নি।
পুলিশের ভাষ্য, সাম্প্রতিক সময়ে রাজধানীর বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের ঝটিকা মিছিলের তৎপরতা দেখা যাচ্ছে। এসব কর্মসূচিকে ঘিরে কয়েকটি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। এর পরিপ্রেক্ষিতে রাজধানীর বিভিন্ন এলাকায় নজরদারি ও অভিযান জোরদার করা হয়েছে।
ডিএমপির তথ্য অনুযায়ী, নিয়মিত অভিযানের অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন থানা এলাকায় মোট ৪০১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে বিভিন্ন ঘটনায় ২৬টি মামলা করা হয়েছে। এসব অভিযানে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের পাশাপাশি বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে একটি তলোয়ার, একটি চাপাতি, লোহার রডের সঙ্গে সংযুক্ত ধারালো গোলাকার একটি চাকতি এবং একটি লোহার রড উদ্ধার করা হয়েছে। এছাড়া অভিযানে ৯৫টি ইয়াবা, ৭০ গ্রাম হেরোইন ও ৬৬৮ গ্রাম গাঁজাও জব্দ করা হয়েছে। একটি ব্যক্তিগত গাড়িও উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ডিএমপি।
ডিএমপির বিভাগভিত্তিক তথ্য অনুযায়ী, ৪০১ জনের মধ্যে রমনা বিভাগে ২৪ জন, লালবাগে ৩৪ জন, ওয়ারীতে ৫১ জন, মতিঝিলে ৬৮ জন, তেজগাঁওয়ে ৭৪ জন, মিরপুরে ৭১ জন, গুলশানে ৩৬ জন এবং উত্তরায় ৪২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া গোয়েন্দা বিভাগ থেকে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, নিয়মিত অপরাধ দমন ও রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট মামলায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং উদ্ধার করা অস্ত্র ও মাদকদ্রব্য জব্দ করা হয়েছে।
মতামত দিন