Views Bangladesh Logo

জুলাই আন্দোলনে দৃষ্টি হারানো ৪ জনের বিষপান, আহতরা দুষছেন সরকারকে

 VB  Desk

ভিবি ডেস্ক

রাজধানীর জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে ভর্তি থাকা অবস্থায় বিষপান করেছেন জুলাই আন্দোলনে চোখ হারানো চার যুবক। পুনর্বাসন ও উন্নত চিকিৎসা নিশ্চিত করার দাবিতে রোববার (২৫ মে) দুপুরে হাসপাতালের পরিচালকের কক্ষে চলমান এক বৈঠকের সময় এ ঘটনা ঘটে।

বিষপানকারী চার যুবক হলেন—শিমুল, মারুফ, সাগর ও আখতার হোসেন (আবু তাহের)। ঘটনার পরপরই তাদের শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকরা জানিয়েছেন, বর্তমানে তারা শঙ্কামুক্ত ও স্থিতিশীল অবস্থায় রয়েছেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, ওই সময় হাসপাতালে অনুষ্ঠিত এক বিশেষ সভায় উপস্থিত ছিলেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) লেফটেন্যান্ট কর্নেল (অব.) কামাল আকবার, জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের পরিচালক এবং নিটোরের প্রতিনিধি। সভায় জুলাই আন্দোলনে আহতদের চিকিৎসা, পুনর্বাসন ও সামাজিক মর্যাদা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। আলোচনায় তাদের বিভিন্ন সমস্যা ও সম্ভাব্য সমাধান নিয়ে পরিকল্পনাও উপস্থাপন করা হয়।

তবে ঠিক সেই মুহূর্তে খবর আসে—চারজন আহত যোদ্ধা ভবিষ্যৎ অনিশ্চয়তা, নিরাপত্তাহীনতা এবং হতাশা থেকে বিষপান করেছেন। প্রত্যক্ষদর্শীদের মতে, বিষ তাদের কাছে আগেই ছিল এবং সিইওর সঙ্গে সাক্ষাৎ না হওয়ায় তারা চরম সিদ্ধান্তে পৌঁছান।

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের কর্মকর্তারা ও হাসপাতাল কর্তৃপক্ষ দ্রুত তাদের সোহরাওয়ার্দী হাসপাতালের জরুরি বিভাগে স্থানান্তর করে চিকিৎসা নিশ্চিত করেন।

ফাউন্ডেশনের সিইও কামাল আকবার ঘটনার পর বাকি আহতদের আশ্বস্ত করে বলেন, “জুলাই যোদ্ধারা জাতির গর্ব। তাদের মনোবল অটুট রাখতে ও চিকিৎসা-পুনর্বাসনে সব ধরনের প্রচেষ্টা চালানো হচ্ছে। সরকারসহ সংশ্লিষ্ট সবার সঙ্গে আমরা নিয়মিত যোগাযোগ করছি। আমরা যোদ্ধাদের পাশে আছি এবং সব সময় থাকব।”

তবে আহতদের অভিযোগ, নয় মাস পার হলেও সরকারি কোনো কার্যকর সহায়তা তারা পাননি। একজন বলেন, “এই সরকারের কাছ থেকে কিছু পেতে হলে আন্দোলনেই নামতে হয়। শান্তিপূর্ণভাবে কিছু চাওয়া যায় না।”

তারা অভিযোগ করেন, কোনো রাজনৈতিক দলও তাদের পাশে দাঁড়ায়নি-সবাই শুধু নিজেদের স্বার্থ নিয়েই ব্যস্ত।

জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. খায়ের আহমেদ চৌধুরী সাংবাদিকদের বলেন, “জুলাই আন্দোলনে আহত হয়ে ভর্তি থাকা চারজন আজ বিষপান করেছেন। তাৎক্ষণিক ব্যবস্থা নেয়ায় বর্তমানে তারা সুস্থ ও শঙ্কামুক্ত।”

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ