কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের ৪ ইউনিট বন্ধ
রাঙামাটির কাপ্তাই হ্রদে পানির স্তর আশঙ্কাজনকভাবে কমে যাওয়ায় কর্ণফুলী জলবিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন বিপর্যয় দেখা দিয়েছে। কেন্দ্রের পাঁচটি ইউনিটের মধ্যে বর্তমানে চারটিই বন্ধ রয়েছে। সচল থাকা মাত্র একটি ইউনিট থেকে বর্তমানে মাত্র ৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে, যেখানে কেন্দ্রের মোট উৎপাদন ক্ষমতা ২৪০ মেগাওয়াট।
পানির অভাবে ইউনিটগুলো বন্ধ রাখার বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী জলবিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান।
সংশ্লিষ্ট সূত্র জানায়, কাপ্তাই হ্রদে পানির স্তর বর্তমানে দ্রুত হ্রাস পাচ্ছে, যা কেন্দ্রের স্বাভাবিক কার্যক্রমকে মারাত্মকভাবে ব্যাহত করছে। হ্রদে পানির স্বাভাবিক ধারণক্ষমতা ১০৯ ফুট (এমএসএল) হলেও বর্তমানে পানির স্তর নেমে এসেছে ৭৭ দশমিক ২০ ফুটে। নিয়ম অনুযায়ী কার্যকরী পানির স্তর অন্তত ৮৩ ফুট থাকার কথা থাকলেও বর্তমানে তা প্রয়োজনীয় মাত্রার চেয়ে ৫ দশমিক ৪ ফুট নিচে অবস্থান করছে।
কেন্দ্রের নিয়ন্ত্রণকক্ষ সূত্রে জানা গেছে, গত কয়েক সপ্তাহ ধরে দুটি ইউনিট চালু রাখা সম্ভব হলেও পানির স্তর ক্রমান্বয়ে কমতে থাকায় গত মঙ্গলবার থেকে মাত্র একটি ইউনিট চালু রাখা হয়েছে।
এ ব্যাপারে প্রকৌশলী মাহমুদ হাসান বলেন, যতদিন পর্যন্ত বৃষ্টি হবে না, ততদিন পর্যন্ত এই সমস্যার সমাধান হবে না। বর্ষা মৌসুম শুরু না হওয়া পর্যন্ত এই সংকট হতে উত্তরণ সম্ভব নয়।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে