Views Bangladesh Logo

এইচএসসির পদার্থবিজ্ঞানের প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ

চলমান এইচএসসি পরীক্ষার পদার্থবিজ্ঞান (তত্ত্বীয়) প্রথম পত্রের প্রশ্নপত্রে ত্রুটি ও অসঙ্গতির ঘটনায় চার শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে সিলেট শিক্ষা বোর্ড। এদিকে পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত রয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) সিলেট মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক বিলকিস ইয়াছমীনের স্বাক্ষর করা এক নোটিশে চার শিক্ষককে তিন কর্মদিবসের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে।

শোকজ পাওয়া শিক্ষকরা হলেন, শ্রীমঙ্গল সরকারি কলেজের পদার্থবিজ্ঞানের অধ্যাপক মো. মুজিবুর রহমান, বৃন্দাবন সরকারি কলেজের পদার্থবিজ্ঞানের সহকারী অধ্যাপক কাজী জুনায়েদ আল আমিন, মুরারী চাঁদ (এমসি) কলেজের পদার্থবিজ্ঞানের সহকারী অধ্যাপক মোছাদ্দেক হোসেন খান এবং সিলেট সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজের পদার্থবিজ্ঞানের প্রভাষক মোহাম্মদ হেলাল উদ্দিন।

নোটিশে বলা হয়েছে, ১৩ জুলাই অনুষ্ঠিত পদার্থবিজ্ঞান (তত্ত্বীয়) প্রথম পত্রের সৃজনশীল অংশের ৬ ও ৭ নম্বর প্রশ্নে ‘মারাত্মক ত্রুটি ও অসঙ্গতি’ পাওয়া গেছে। এর ফলে পরীক্ষার্থীরা হলে মানসিক চাপে পড়েন। প্রশ্নপত্র পরিশোধনের দায়িত্বে থাকা শিক্ষক হিসেবে এ ধরনের ভুলকে দায়িত্বহীনতা ও পেশাগত অবহেলা হিসেবে উল্লেখ করা হয়েছে।

এদিকে, এইচএসসি ও সমমান পরীক্ষার সময়সূচি, পদার্থবিজ্ঞানের প্রশ্নে ভুল এবং দুর্যোগ পরিস্থিতিতে পরীক্ষা নেওয়ার প্রতিবাদে মঙ্গলবার রাজধানীসহ বিভিন্ন স্থানে আন্দোলন করেছেন শিক্ষার্থীরা।

আন্দোলনরত শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর পদত্যাগ, দুর্যোগ পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পরীক্ষা স্থগিত এবং ১৩ জুলাই পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের পুনরায় পরীক্ষা নেওয়াসহ তিন দফা দাবি জানিয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ