Views Bangladesh Logo

টঙ্গীতে মেরামতের সময় এসি বিস্ফোরণে দগ্ধ ৪

 VB  Desk

ভিবি ডেস্ক

গাজীপুরের টঙ্গীতে একটি পোশাক কারখানায় শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র মেরামতের সময় বিস্ফোরণ ঘটে চারজন দগ্ধ হয়েছেন।

সোমবার (১ এপ্রিল) সন্ধ্যায় পাগাড় মিরাশপাড়া এলাকার পেট্রিওয়েট ইকো অ্যাপারেল অ্যাক্সেসরিজ লিমিটেড নামের ওই কারখানায় এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেন টঙ্গী পূর্ব থানার ওসি মুস্তাফিজুর রহমান।

দগ্ধদের উদ্ধার করে প্রথমে টঙ্গীর আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে যান এসি মিস্ত্রির সহকারী মো. রফিক (৩২)। আর এসি মিস্ত্রি রবিন (২৮), আলমগীর (৩৪) এবং কারখানার নিরাপত্তাকর্মী সোহাগকে (৩৬) রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) পাঠানো হয়।

কারখানার এক শ্রমিক জানান, সন্ধ্যায় ইফতারির পর কারখানার ছাদে এসি মেরামত করছিলেন তিন মিস্ত্রি। নিরাপত্তাকর্মী সোহাগ তাদের পাশে দাঁড়ানো ছিলেন। মেরামতের পর এসিতে গ্যাস ভরার সময় হঠাৎ বিস্ফোরণ ঘটে। তাতে চারজনই আহত হন। বিকট শব্দ শুনে কারখানার অন্য শ্রমিকরা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শহীদুল ইসলাম সাংবাদিকদের বলেন, আহতদের শরীরের বিভিন্ন অংশ দগ্ধ হয়েছে। তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের ঢাকায় পাঠানো হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ