Views Bangladesh Logo

চলন্ত ট্রেনে ধর্ষণের অভিযোগে পুলিশের ৪ সদস্য প্রত্যাহার

ঢাকা থেকে কুড়িগ্রামগামী আন্তঃনগর কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের ক্যান্টিনে এক নারী যাত্রীকে ধর্ষণের অভিযোগের ঘটনায় দায়িত্বে থাকা চার পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। তাদের পাকশী রেলওয়ে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। অভিযোগের বিষয়ে অধিকতর তদন্ত শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে রেলওয়ে পুলিশ।

বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল উদ্দীন। তিনি জানান, ঘটনার সময় কুড়িগ্রাম এক্সপ্রেসে দায়িত্ব পালন করা চার পুলিশ সদস্যকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্ত করা হচ্ছে।

ঘটনাটি ঘটে গত ৩০ আগস্ট সকালে নাটোর এলাকায় চলন্ত কুড়িগ্রাম এক্সপ্রেসে। অভিযোগ অনুযায়ী, ৪৪ বছর বয়সী ওই নারীকে ট্রেনের ক্যান্টিনে নিয়ে ধর্ষণ করা হয়। একপর্যায়ে তার চিৎকার শুনে অন্য যাত্রীরা এগিয়ে এসে তাকে উদ্ধার করেন এবং ক্যান্টিনবয় আবু বক্কর সিদ্দিককে আটক করে রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করেন। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

ভুক্তভোগী নারী সিরাজগঞ্জের বাসিন্দা। তিনি ঢাকা থেকে কুড়িগ্রাম এক্সপ্রেসে যাত্রা করছিলেন। এ ঘটনায় তিনি বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। মামলায় ক্যান্টিনবয় আবু বক্কর সিদ্দিকসহ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। একই সঙ্গে দুই পুলিশ সদস্যের বিরুদ্ধেও গুরুতর অভিযোগ করেছেন ওই নারী।

মামলার অভিযোগে বলা হয়েছে, ট্রেনে দায়িত্ব পালনকারী দুই পুলিশ সদস্য ওই নারীকে তল্লাশির কথা বলে ক্যান্টিনে নিয়ে যান। তার কাছে ইয়াবা রয়েছে এমন অভিযোগ তুলে তার কাছ থেকে ১০ হাজার টাকা নেওয়ার অভিযোগও রয়েছে। পরে ক্যান্টিনবয় তাকে ধর্ষণ করেন বলে অভিযোগ করেন ভুক্তভোগী। তবে এসব অভিযোগের সত্যতা তদন্তের মাধ্যমে যাচাই করা হবে বলে জানিয়েছে পুলিশ।

এদিকে ঘটনার তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির নেতৃত্বে রয়েছেন পাকশী রেলওয়ে পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ মেহেদী হাসান। একই ঘটনায় দায়িত্বে থাকা চার পুলিশ সদস্যকে প্রত্যাহারের পাশাপাশি ক্যান্টিনবয় আবু বক্কর সিদ্দিকের বিরুদ্ধে করা মামলার তদন্তও চলছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ