বগুড়ায় ট্রাকচাপায় একই পরিবারের তিনজনসহ নিহত ৪
বগুড়ার শেরপুর উপজেলায় ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ চারজন নিহত হয়েছেন। এদের মধ্য একই পরিবারের তিনজন রয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।
বৃহস্পতিবার (১১ জুলাই) সন্ধ্যায় শেরপুরের ঢাকা-বগুড়া মহাসড়কের ধরমোকাম এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন, সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার বান্ধাইল গ্রামের বাসিন্দা সেনা সদস্য আরিফুল ইসলাম (৩০), তার স্ত্রী মৌসুমী আক্তার (২৬), তাদের ছেলে সাইফুল ইসলাম (৫) ও অটোচালক সিরাজগঞ্জের তারাশ উপজেলার সেলুন গ্রামের বাসিন্দা নাসিম হোসেন (৩২)।
পুলিশ জানায়. দুর্ঘটনকবলিত অটোরিকশাটি সিরাজগঞ্জের দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে একটি ট্রাক এসে অটোকে চাপা দেয়। এতে হতাহতের ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় আহতরা হলেন সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার বাসিন্দা কাওসার আলী (২২) ও বগুড়ার শেরপুর উপজেলার ছোনকা গ্রামের গোলাম (৫০)। তারা বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
এ ব্যাপারে শেরপুর থানার ওসি মো. রেজাউল করিম রেজা বলেন, দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে লাশগুলো পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে।
মতামত দিন