অটোরিকশার ধাক্কায় জাবি ছাত্রীর মৃত্যুর ঘটনায় চারজন বরখাস্ত
ক্যাম্পাসের ভেতরে ব্যাটারিচালিত রিকশার ধাক্কায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের শিক্ষার্থী আফসানা রাচি নিহতের ঘটনায় ডেপুটি রেজিস্ট্রারসহ চারজন কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একইসঙ্গে আজ (বুধবার) বিশ্ববিদ্যালয়ের নিয়মিত সকল ক্লাস-পরীক্ষা বন্ধ রেখে শোক দিবস পালনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
মঙ্গলবার (১৯ নভেম্বর) রাত সাড়ে ১২ টার দিকে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আজিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়।
সাময়িক বরখাস্তরা হলেন-বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার আবদুর রহমান বাবুল, নিরাপত্তা কর্মকর্তা রাসেল মিয়া, সহকারী সুপারভাইজার আব্দুস সালাম ও ডিউটি গার্ড মনসুর রহমান প্রামাণিক।
এদিকে ঘাতক রিকশাচালকের বিচার, নিহতের পরিবারকে ক্ষতিপূরণ দেয়া, নিরাপদ ক্যাম্পাসসহ একাধিক দাবিতে বুধবার সকাল সাড়ে ৮টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে (ডেইরি গেইটে) ‘জাহাঙ্গীরনগর ব্লকেড’ কর্মসূচি পালন শুরু করছে বিশ্ববিদ্যালয়ের ৫৩ ব্যাচের শিক্ষার্থীরা।
এর আগে মঙ্গলবার রাতভর উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসানের আবাসিক বাসার সামনে জড়ো হয়ে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল পালন করে শিক্ষার্থীরা। এ সময় তাদের সকল দাবি বাস্তবায়নের আশ্বাস দিলে হলে ফিরে যান আন্দোলনকারীরা।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে