রংপুরে একই পরিবারের ৪ জনের মরদেহ উদ্ধার
রংপুর নগরীর মাচুয়াপাড়া এলাকার একটি বাড়ি থেকে রংপুর জেলা স্কুলের সাবেক শিক্ষকসহ একই পরিবারের চারজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২২ আগস্ট) রাতে বাড়িটির দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
নিহতরা হলেন রংপুর জেলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী জুয়েল (৬৫), তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী ভোলা (৫০), মেয়ে প্রার্থী চক্রবর্তী (২৫), এবং ১২ বছর বয়সী ছেলে প্রিয়ম চক্রবর্তী।
পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে বাড়িটি তালাবদ্ধ অবস্থায় ছিল। এ নিয়ে প্রতিবেশীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাড়ির তালা ভেঙে ভেতরে প্রবেশ করে চারজনের মরদেহ দেখতে পায়। পরে মরদেহগুলো উদ্ধার করা হয়।
তবে কীভাবে এবং কী কারণে তাদের মৃত্যু হয়েছে, সে বিষয়ে এখনো বিস্তারিত জানা যায়নি।
পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে মরদেহগুলোর ময়নাতদন্তসহ প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
মতামত দিন