Views Bangladesh Logo

চট্টগ্রাম বন্দরে এসেছে জ্বালানিবাহী আরও ৪ জাহাজ

চট্টগ্রাম বন্দরে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি), এলপিজি ও গ্যাস অয়েল নিয়ে পৌঁছেছে আরও চারটি জাহাজ। এই জাহাজগুলো বন্দরের বিভিন্ন জেটিতে নোঙর করেছে এবং বর্তমানে জ্বালানি খালাসের প্রক্রিয়া চলমান রয়েছে।

সোমবার (৬ এপ্রিল) বিকেলে বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম এ তথ্য নিশ্চিত করেন।

বন্দর সূত্রে জানা গেছে, ভারত, মালয়েশিয়া, নাইজেরিয়া ও চীন থেকে এসব জাহাজ এসেছে। ভারতের একটি জাহাজ এলপিজি নিয়ে ৩১ মার্চ বন্দরে পৌঁছায় এবং বর্তমানে ‘ভাটিয়ারি’ এলাকায় অবস্থান করছে। মালয়েশিয়া থেকে গ্যাস অয়েল নিয়ে আসা ‘শান গ্যাং ফা শিয়ান’ জাহাজটি ৩ এপ্রিল বন্দরে ভিড়েছে এবং ‘ডিওজে-৬’ জেটিতে অবস্থান করছে; আগামী ৭ এপ্রিলের মধ্যে খালাস সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

নাইজেরিয়া থেকে এলএনজি নিয়ে আসা ‘কুল ভয়েজার’ জাহাজ ৫ এপ্রিল বন্দরে পৌঁছেছে এবং ‘এফএসআরইউ’-তে অবস্থান করছে; খালাস কার্যক্রম ৮ এপ্রিলের মধ্যে শেষ হবে। চীন থেকে এলপিজি নিয়ে আসা ‘গ্যাস জার্নি’ ৫ এপ্রিল বন্দরে ভিড়েছে এবং ‘চার্লি’ এলাকায় অবস্থান করছে; এলপিজি খালাস ৮ এপ্রিলের মধ্যে সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

বন্দর কর্তৃপক্ষ জানায়, ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলা এবং সংঘর্ষের কারণে অপরিশোধিত (ব্রেন্ট ক্রুড) তেলের আমদানি বন্ধ হয়ে গেছে। ৩১ মার্চ পর্যন্ত ৩৮টি জাহাজ বন্দরে এসেছে বিভিন্ন ধরনের জ্বালানি তেল নিয়ে। চলতি এপ্রিলের সপ্তাহে জ্বালানি নিয়ে এসেছে আরও ছয়টি জাহাজ।

এছাড়া, শুক্রবার (৩ এপ্রিল) রাত ১০টায় ৩৪ হাজার টন ডিজেল নিয়ে মালয়েশিয়া থেকে ‘শান গ্যাং ফা জিয়ান’ তেলট্যাংকার বন্দরের বহির্নোঙরে পৌঁছায়। একই দিনে ‘এমটি ইউয়ান জিং হে’ নামের একটি জাহাজ ২৭,৩০০ টন ডিজেল নিয়ে বন্দরে ভিড়েছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি শুরুর পর এটি ডিজেল নিয়ে বন্দরে আসা নবম জাহাজ।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ