হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত হাজারের বেশি
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ৮ জন শিশু।
মঙ্গলবার বিকেলে প্রকাশিত স্বাস্থ্য অধিদপ্তরের হালনাগাদ হাম পরিস্থিতি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, সর্বশেষ ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু হলেও নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।
এর ফলে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মৃত শিশুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭০২ জনে। একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে আরও ৯৫ শিশু। সব মিলিয়ে এ সময়ের মধ্যে হাম ও হামের উপসর্গে মোট ৭৯৭ শিশুর মৃত্যু হয়েছে।
এদিকে, গত এক দিনে ১৩০ জন শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে। পাশাপাশি হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিয়েছে আরও ৮৭৮ শিশু। অর্থাৎ নিশ্চিত ও সন্দেহভাজন—দুই ধরনের রোগী মিলিয়ে নতুন আক্রান্তের সংখ্যা ১ হাজার ৮।
হাসপাতাল ব্যবস্থাপনার তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ২১৮ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। একই সময়ে চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছে ৮৭৯ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত দেশে মোট সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ১৯ হাজার ৪৪৮ জন। এর মধ্যে পরীক্ষায় ১৪ হাজার ৭০৮ জনের হাম নিশ্চিত হয়েছে।
এ সময় মোট ১ লাখ ২ হাজার ২৪৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে চিকিৎসা শেষে ৯৮ হাজার ৪১১ জন ইতোমধ্যে বাড়ি ফিরেছেন।
মতামত দিন