২৪ ঘণ্টায় আরও চার শিশুর মৃত্যু
দেশে হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও চার শিশু মারা গেছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
রোববার নিয়মিত হালনাগাদ প্রতিবেদনে বলা হয়, শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টার মধ্যে এসব মৃত্যু ঘটে।
নিহত শিশুদের মধ্যে ঢাকা, সিলেট, ময়মনসিংহ ও খুলনা—প্রতিটি বিভাগে একজন করে মারা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে মোট মৃত্যু দাঁড়িয়েছে ৬৫২ জনে। এর মধ্যে ৫৬০ জন শিশু মারা গেছে হামের উপসর্গে, আর নিশ্চিত হামে মারা গেছে ৯২ জন।
একই সময়ে দেশে নতুন করে আরও ১ হাজার ৫২ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। ফলে মোট সন্দেহভাজন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮৫ হাজার ৯৫১ জনে।
নিশ্চিত হামে নতুন করে ৭৫ জন শনাক্ত হয়েছে সর্বশেষ ২৪ ঘণ্টায়। সব মিলিয়ে এ বছর এখন পর্যন্ত নিশ্চিত রোগীর সংখ্যা ১০ হাজার ৩২৩ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কোনো মৃত্যু না হলেও হামের উপসর্গে মৃত্যুগুলো রেকর্ড হয়েছে। এ সময় হাসপাতালে ভর্তি ছিল ৭০ হাজার ৫৭৯ জন, যাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৬৬ হাজার ৮৪১ জন।

মতামত দিন