Views Bangladesh Logo

ঠাকুরগাঁও থেকে নিখোঁজ ৪ ছাত্রী উদ্ধার সিলেটে, যা জানা গেল

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা থেকে একসঙ্গে নিখোঁজ হওয়া চার ছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। প্রাইভেট পড়তে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি তারা। বুধবার (১ জুলাই) বিকেলের দিকে সিলেটের দক্ষিণ সুরমা কদমতলী বাস টার্মিনালের একটি কাউন্টার থেকে তাদের উদ্ধার করা হয়, যেখানে তারা গোয়াইনঘাটের দিকে যাওয়ার জন্য অপেক্ষা করছিল।

বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুজ্জামান।

ওসি আশরাফুজ্জামান জানান, বুধবার বিকেলে কদমতলী বাস টার্মিনালের যাত্রী বসার জায়গায় ওই তিন ছাত্রীকে অবস্থান করতে দেখা যায়, খবর পেয়ে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ছাত্রীরা জানায়, বেড়ানোর উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে দিনাজপুর হয়ে সিলেটের বাসে ওঠে তারা এবং দুপুরের দিকে সিলেটে পৌঁছায়। উদ্ধারের পর তাদের থানায় নিয়ে পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে, পরিবার এলে বিস্তারিত জেনে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

তবে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী থানার ওসি বুলবুল ইসলাম জানান, তথ্যপ্রযুক্তির সহায়তায় মঙ্গলবার রাতে জানা যায় ছাত্রীরা ঢাকার দিকে যাচ্ছে। এরপর বুধবার তাদের সিলেট এলাকায় শনাক্ত করা হয় এবং বেলা আড়াইটার দিকে দক্ষিণ সুরমা থানা পুলিশের সহায়তায় তাদের উদ্ধার করা হয়। বর্তমানে তারা পুলিশি হেফাজতে রয়েছে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে প্রাইভেট পড়ার কথা বলে বাড়ি থেকে বের হওয়ার পর আর ফেরেনি চার ছাত্রী। তারা সবাই সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্য, একই বিদ্যালয়ের শিক্ষার্থী এবং একই গ্রামের বাসিন্দা। তাদের মধ্যে তিনজন দশম শ্রেণির এবং একজন অষ্টম শ্রেণির শিক্ষার্থী। এই ঘটনায় এলাকায় তৈরি হয় চাঞ্চল্য, উদ্বিগ্ন হয়ে পড়ে পরিবারগুলো। ওই রাতেই চার ছাত্রীর অভিভাবকরা বালিয়াডাঙ্গী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল সার্কেলের সহকারী পুলিশ সুপার স্নেহাশীষ কুমার দাস বলেন, সিলেট শহরের একটি বাস কাউন্টারে অপেক্ষারত অবস্থায় ওই চার ছাত্রীকে শনাক্ত করে পুলিশ, তারা গোয়াইনঘাটের দিকে যাওয়ার জন্যই অপেক্ষা করছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মানব পাচার চক্রের ফাঁদে পড়েই তারা সিলেটে গিয়েছিল। ছাত্রীদের ফিরিয়ে আনতে বালিয়াডাঙ্গী থানার একটি পুলিশ দল সিলেটের দিকে রওনা হয়েছে বলেও জানান তিনি, এবং তারা ফিরলেই ঘটনার বিস্তারিত জানানো হবে বলে উল্লেখ করেন।


মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ