মেঘনায় ট্রলারডুবি: নিখোঁজ একই পরিবারের ৪ জনের সন্ধান মেলেনি
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ একই পরিবারের চারজনের এখনো সন্ধান পাওয়া যায়নি। বৃহস্পতিবার বিকেলে বৈদ্যের বাজারের সোনাময়ী এলাকায় ঝড়ের কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়। এ ঘটনায় রাশিদা নামে এক নারী মারা গেছেন।
নিখোঁজদের উদ্ধারে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে রাত ৩টা পর্যন্ত অভিযান চালানো হয়। শুক্রবার সকাল ৭টা থেকে আবারও উদ্ধার অভিযান শুরু করেছে ফায়ার সার্ভিস, কোস্ট গার্ড, নৌ পুলিশ ও বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।
উদ্ধারকারী দল ডুবে যাওয়া ট্রলারটির সন্ধান পেয়েছে। তবে এখন পর্যন্ত ট্রলারের ভেতর থেকে কোনো মরদেহ উদ্ধার করা সম্ভব হয়নি।
জানা গেছে, কুমিল্লার শ্রীমন্দী গ্রামের ১৩ জন একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে ট্রলারে করে সোনারগাঁয়ের বৈদ্যের বাজারে যাচ্ছিলেন। নদীর মাঝপথে ঝড়ের কবলে পড়ে ট্রলারটি উল্টে যায়।
দুর্ঘটনার সময় আটজন যাত্রী সাঁতরে তীরে উঠতে সক্ষম হন। পরে স্থানীয় লোকজন রাশিদাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় হেলাল, তার ছেলে সজিব এবং দুই মেয়ে সামিয়া ও সামিন নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে নদীতে তল্লাশি চালিয়ে যাচ্ছে উদ্ধারকারী দল।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বলেন, ঘটনার পর থেকেই উদ্ধার অভিযান চলছে। নিখোঁজ চারজনের এখনো কোনো সন্ধান পাওয়া যায়নি। ফায়ার সার্ভিস, কোস্ট গার্ড, নৌ পুলিশ ও বিআইডব্লিউটিএ সমন্বিতভাবে অভিযান পরিচালনা করছে।
মতামত দিন