Views Bangladesh Logo

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে লেগুনা-বাস সংঘর্ষে নিহত ৪

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কক্সবাজারের চকরিয়ায় লেগুনা ও এসি বাসের সংঘর্ষে চার যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে খুটাখালী নয়াপাড়া বায়তুল মামুর জামে মসজিদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, ঈদগাঁও থেকে চকরিয়াগামী নম্বরবিহীন একটি যাত্রীবাহী জিটু গাড়ি (লেগুনা) খুটাখালী নয়াপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা লাল-সবুজ পরিবহনের একটি এসি বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে লেগুনাটির বেশ কয়েকজন যাত্রী গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে মালুমঘাট খ্রিষ্টান মেমোরিয়াল হাসপাতাল ও কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় চারজনের মৃত্যু হয়।

নিহতরা হলেন—চকরিয়ার খুটাখালী সেগুনবাগিচা গ্রামের মৃত মতিউর রহমানের ছেলে মো. জসিম উদ্দিন (২৫), ফুলছড়ি শিয়াপাড়ার মৃত মনজুর আলমের ছেলে মো. শাহেদ (২৭), ঈদগাঁও উপজেলার মৃত আবুল কাশেমের ছেলে মোহাম্মদ রফিক (২৮) এবং আমিনুল হকের ছেলে মো. জিয়াবুল হক (২৫)।

আহতরা হলেন—খুটাখালী নতুন অফিস মাদ্রাসাপাড়ার আব্দুল সামাদের ছেলে জিয়াবুল হক (৪০), ঈদগাঁও উপজেলার নাপিতখালী এলাকার সৈয়দ আলমের ছেলে মো. সরোয়ার (১৯), আলী মিয়ার ছেলে সৈয়দ আলম (৫০), চকরিয়ার মেধাকচ্ছপিয়া গ্রামের বদরুদ্দোজার ছেলে মো. দেলোয়ার হোসেন (৩৫) এবং টেকনাফের কিরনতলী গ্রামের মো. রহমত করিমের ছেলে সৈয়দ করিম (৩০)।

আহতদের মধ্যে সৈয়দ করিম কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অন্য চারজনকে মালুমঘাট খ্রিষ্টান মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মালুমঘাট হাইওয়ে পুলিশের উপপরিদর্শক শামশুজ্জামান দুর্ঘটনা ও হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনার পর হাইওয়ে পুলিশ লেগুনা ও বাসটি জব্দ করেছে। তবে উভয় গাড়ির চালক পালিয়ে গেছেন।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ