কুমিল্লায় বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪, আহত ৩
কুমিল্লার বুড়িচং উপজেলা এলাকায় বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার কালাকচুয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, কালাকচুয়া এলাকায় মিয়ামি হোটেলের সামনে স্টারলাইন পরিবহনের একটি বাসের সঙ্গে একটি প্রাইভেটকারের সংঘর্ষ হয়। এতে প্রাইভেট কারটি দুমড়ে-মুচড়ে যায়।
ঘটনাস্থলেই প্রাইভেট কারের চালক নিহত হন। পরে আহতদের হাসপাতালে নেওয়ার পর আরও তিনজনের মৃত্যু হয়। নিহতরা সবাই প্রাইভেটকারের যাত্রী ছিলেন, তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।
ময়নামতি ক্রসিং হাইওয়ে থানার ওসি আবদুল মমিন জানান, প্রাইভেট কারে থাকা এক শিশুসহ তিনজন গুরুতর আহত হয়েছেন। তাদের উদ্ধার করে কুমিল্লা ক্যান্টনমেন্ট জেনারেল হাসপাতাল ও কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল–এ পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ চলছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে