উত্তরা-আজমপুরে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ, নিহত ৪
সারাদেশে পালিত হচ্ছে কোটাবিরোধী আন্দোলনকারীদের পূর্বঘোষিত কমপ্লিট শাটডাউন কর্মসূচি। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার (১৮ জুলাই) কোটা আন্দোলনকারী শিক্ষার্থীরা উত্তরা-আজমপুর এলাকায় সড়ক অবরোধ করতে গেলে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে পুলিশের গুলিতে শিক্ষার্থী-পথচারীসহ চারজন নিহত হয়েছেন।
তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। তাদের মরদেহ কুয়েত মৈত্রী হাসপাতালে রাখা হয়েছে।
কুয়েত মৈত্রী হাসপাতালের সুপারিনটেনডেন্ট মিজানুর রহমান এ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আহত হয়ে ৫০ জনেরও বেশি মানুষ হাসপাতালে এসেছেন। তাদের মধ্যে চারজনকে মৃত ঘোষণা করা হয়েছে। আহতদের মধ্যে পুলিশ সদস্যও আছেন।
অন্যদিকে উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, উত্তরায় সংঘর্ষের পর প্রায় ৫০০ জন আহত ব্যক্তি সেখানে চিকিৎসা নিয়েছেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে