মিরপুরে ডাকাতি: দুই সাবেক সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪
রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকায় এক অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তার বাসায় ডাকাতির ঘটনায় দুই সাবেক সেনাসদস্যসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (২০ জুলাই) রাতে মিরপুর ১১ নম্বর সড়কের একটি বাসায় ডাকাতি শেষে পালানোর সময় তাদের আটক করা হয়। ওই বাসাটি একজন অবসরপ্রাপ্ত মেজরের বলে জানা গেছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তথ্য অনুযায়ী, গ্রেপ্তারকৃতদের মধ্যে একজন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট ও একজন করপোরাল রয়েছেন। তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে বাসায় প্রবেশ করে ‘বোরহান’ নামে একজনকে খুঁজছেন বলে জানায়। এরপর তারা বাসা থেকে স্বর্ণ ও হীরার গয়না, মোবাইল ফোন, ল্যাপটপ, ঘড়ি, প্রসাধনী ও ইয়াবা লুট করে।
স্থানীয় বাসিন্দা হারুনুর রশিদ ঘটনার সময় বিষয়টি সন্দেহজনক মনে করে মোটরসাইকেলে ডাকাতদের পিছু নেন এবং আশপাশের লোকজনকে বিষয়টি জানান। পরে চেকপোস্ট নম্বর ১২-তে দায়িত্বরত নিরাপত্তা সদস্যরা চারজনকে আটক করেন।
ডিএমপির উপ-পুলিশ কমিশনার তালেবুর রহমান জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন এবং ঘটনাটি নিয়ে তদন্ত চলছে। অভিযানে ব্যবহৃত একটি গাড়ি ও লুট হওয়া মালামাল উদ্ধার করা হয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে