চট্টগ্রামে অস্ত্র-গুলিসহ ৪ জন আটক
চট্টগ্রামের বোয়ালখালীতে বিশেষ অভিযানে ১৪ রাউন্ড গুলি, দেশীয় ধারালো অস্ত্র এবং নগদ টাকাসহ ৪ জনকে আটক করেছে সেনাবাহিনী। শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার শ্রীপুর-খারান্দ্বীপ ইউনিয়ন থেকে তাদের আটক করা হয়।
বোয়ালখালী সেনা ক্যাম্পের কমান্ডার মেজর রাসেল জানান, লেফটেন্যান্ট কর্নেল মো. সালাহ উদ্দিন আল মামুনের নেতৃত্বে শ্রীপুর-খারান্দ্বীপ এলাকায় এক অভিযান পরিচালিত হয়। অভিযানে শাহিদুল আলম (৩৮), মো. জানে আলম নান্নু (৪০), জুবায়েদ আকবর (২৬) ও মো. মোরশেদ (৪৭) কে মাদক পাচার, চাঁদাবাজি এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে আটক করা হয়। তাদের কাছ থেকে ৪ রাউন্ড রাইফেল গুলি, ১০ রাউন্ড শটগান গুলি, ২১টি দেশীয় অস্ত্র, ১ লাখ ৭৬ হাজার ৪২৫ টাকা, ২৫টি মোবাইল সেট এবং ৩টি পাসপোর্ট জব্দ করা হয়েছে।
কমান্ডার মেজর রাসেল বলেন, ‘আটককৃতদের এবং জব্দকৃত মালামাল বোয়ালখালী থানায় হস্তান্তর করা হয়েছে।’
বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারোয়ার জানান, এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে