Views Bangladesh Logo

পরীক্ষা দিয়েছিল অন্য ব্যক্তি, মন্ত্রণালয়ে চাকরিতে যোগদান করতে এসে গ্রেপ্তার ৪

জনপ্রশাসন মন্ত্রণালয়ে অফিস সহায়ক পদে যোগ দিতে আসা চারজনকে পরীক্ষায় জালিয়াতির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। লিখিত ও মৌখিক পরীক্ষায় তাদের হয়ে অন্য ব্যক্তি অংশ নিয়েছিলেন। যোগদানের দিন পরিচয় যাচাইয়ের সময় বিষয়টি ধরা পড়ে।

রোববার (১৯ জুলাই) এ ঘটনায় চারজনের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—টাঙ্গাইলের মো. আব্দুল আলিম, সিরাজগঞ্জের আলী হায়দার, কুড়িগ্রামের রাসেল রানা লিটন এবং গাজীপুরের মাসুদ ফকির।

মামলার তথ্য অনুযায়ী, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাঁটমুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর ও অফিস সহায়ক পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হলে অফিস সহায়ক পদে ২৩ হাজার ৭০৯ জন আবেদন করেন। গত ১৯ মে অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় ৯ হাজার ৩১৮ জন অংশ নেন। সেখান থেকে ১০৭ জনকে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত করা হয়। পরে ২৪, ২৫ ও ২৮ জুন ভাইভা অনুষ্ঠিত হয়।

মন্ত্রণালয় জানায়, মৌখিক পরীক্ষায় অংশ নেওয়া সব প্রার্থীর প্রবেশপত্রসহ ছবি সংরক্ষণ করা হয়েছিল। গত ৬ জুলাই অফিস সহায়ক পদে ২০ জনকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়।

রোববার নির্বাচিত প্রার্থীরা চাকরিতে যোগ দিতে এলে চারজনের চেহারার সঙ্গে ভাইভার সময় তোলা ছবির মিল না থাকায় কর্মকর্তাদের সন্দেহ হয়। পরে জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেন, তাদের হয়ে অন্য ব্যক্তি লিখিত ও মৌখিক পরীক্ষা দিয়েছেন।

বিষয়টি নিশ্চিত হওয়ার পর চারজনকে পুলিশের কাছে সোপর্দ করা হয়। জনপ্রশাসন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মনসুর হোসেন বলেন, প্রতারণার বিষয়টি নিশ্চিত হওয়ার পর তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ