রাজশাহীতে মদপানে ৪ জনের মৃত্যু, আটক ২
রাজশাহীর মোহনপুর উপজেলায় দেশীয় মদপানের কারণে চারজনের মৃত্যু হয়েছে। এ ছাড়াও মদপানের ফলে অসুস্থ হয়ে আরও তিনজন রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন।
পুলিশ এবং মৃতদের পরিবার সূত্রে জানা গেছে, বুধবার (৮ জানুয়ারি) সকাল থেকে বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাত পর্যন্ত এই মৃত্যুর ঘটনা ঘটে। এদের মধ্যে দুইজন হাসপাতালের বাইরে এবং দুইজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় মাদক বিক্রেতা হিসেবে দুইজনকে আটক করেছে মোহনপুর থানা পুলিশ। তারা হলেন- মতিহার গ্রামের মহিরের ছেলে মুকুল (৩৯) এবং ধোপাঘাটা গ্রামের গফুরের ছেলে জনি (৪২)।
মোহনপুর উপজেলার জাহানাবাদ ইউনিয়নের দুর্গাপুর গ্রামের সোলেমান আলীর ছেলে মন্তাজ আলী (৪২), ময়েজ মণ্ডলের ছেলে টুটুল (২৮), মোংলার ছেলে একদিল (৫০), এবং করিষা গ্রামের তুজাম্মেলের ছেলে জুয়েল (২৫)। অন্যদিকে রামেক হাসপাতালে চিকিৎসাধীন দুর্গাপুর গ্রামের কাশেম আলীর ছেলে পিন্টু (৩৫), মৃত জাহান আলীর ছেলে আকবর (৪৬), এবং সাঈদ আলীর ছেলে মোনা।
স্থানীয় সূত্র জানায়, উপজেলার ধোড়সা গ্রামের চিহ্নিত মাদক সম্রাট হান্নানের কাছ থেকে দেশীয় মদ কিনে মন্তাজের বাড়িতে বসে সাতজন মদ পান করেন। এর পরপরই এই ঘটনা ঘটে।
মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান জানান, মদপানের ঘটনায় মারা গেছেন চারজন। একটি মাদক মামলায় দুই মাদক বিক্রেতাকে আটক করে জেলহাজতে পাঠানো হয়েছে। মাদক বিক্রেতাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত আছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে