Views Bangladesh Logo

সুনামগঞ্জে হিন্দু সম্প্রদায়ের উপর হামলার ঘটনায় গ্রেপ্তার চারজন

‘ধর্ম অবমাননার’ অভিযোগে সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজারে হিন্দু সম্প্রদায়ের বসতবাড়ি, দোকানপাট ও স্থানীয় মন্দির ভাঙচুর এবং ক্ষতিসাধনের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

গ্রেপ্তারকৃতরা হলেন- আলীম হোসেন (১৯), সুলতান আহম্মেদ রাজু (২০), ইমরান হোসেন (৩১) ও শাজাহান হোসেন (২০)।

শনিবার (১৪ ডিসেম্বর) আসামিদের শনাক্ত করে ১২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় ১৫০/১৭০ জনের বিরুদ্ধে মামলা করে পুলিশ। এরপর চার আসামিকে গ্রেপ্তার করা হয়।

গত ৩ ডিসেম্বর দোয়ারাবাজার উপজেলার মংলারগাঁও গ্রামের এক যুবক তার ফেসবুক আইডি থেকে ইসলাম ধর্মকে কটাক্ষ করে অবমাননাকর পোস্ট দেন বলে অভিযোগ তোলেন স্থানীয়রা। পোস্টটি ডিলিট হলেও স্ক্রিনশট নিয়ে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। সংবাদ পেয়ে দোয়ারাবাজার থানা পুলিশ ওই যুবককে ঘটনার দিনই আটক করে। সে সময় স্থানীয়রা তাকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালান। পরে নিরাপত্তার স্বার্থে তাকে দোয়ারাবাজার থানায় না নিয়ে সদর থানায় নিয়ে যাওয়া হয়।

পুলিশ জানায়, ওইদিন জনতা হিন্দু সম্প্রদায়ের বসতবাড়ি, দোকানপাট ও স্থানীয় লোকনাথ মন্দির ভাঙচুর ও ক্ষতিসাধন করেন স্থানীয়রা। জেলা প্রশাসক, পুলিশ সুপার, সেনাবাহিনী এবং পুলিশের উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিতপূর্বক গ্রেপ্তারে নিবিড়ভাবে তদন্ত করে পুলিশ।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ